৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- আপডেট সময় : ০৪:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ৪১ বার পড়া হয়েছে
ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার আক্রান্ত হয়ে অভিনয় থেকে দূরে ছিলেন। দীর্ঘ নয় মাস পর আবারো ফিরেছেন, ‘অংশীদার নামের একটি নতুন নাটকে অভিনয়ের শ্যুটিংয়ের মধ্য দিয়ে।
ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শুটিংয়ের কয়েকটি বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নির্মাতা লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’। তাঁর এই পোস্টের পর সহকর্মী ও ভক্তদের মধ্যে আনন্দের সাড়া পড়ে।
দীর্ঘদিন ধরেই টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন তানিয়া বৃষ্টি। সাবলীল অভিনয় ও বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতায় ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তবে চলতি বছরের শুরুর দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অভিনয় থেকে বিরতি নিতে হয় তাঁকে। পরে চিকিৎসা পরীক্ষায় তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।
এরপর ঢাকায় প্রথম দফায় অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান এই অভিনেত্রী। সেখানে তাঁর আরও একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘ চিকিৎসার পাশাপাশি নিয়মিত বিশ্রাম ও কেমোথেরাপিও নিতে হয়েছে তাঁকে।
চিকিৎসা ও সুস্থতার দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর গত ৩ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে শারীরিক অবস্থার কথা জানান তানিয়া বৃষ্টি। ভক্তদের আশ্বস্ত করে তিনি জানান, আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছেন।
‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে। নাটকটিতে তাঁদের কয়েকজনকে বিশেষ চরিত্রে দেখা যাবে।
দীর্ঘ বিরতির পর তানিয়া বৃষ্টির শুটিংয়ে ফেরার খবরে আনন্দিত তাঁর সহকর্মী ও অনুরাগীরা। প্রিয় অভিনেত্রীকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

























