অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য
- আপডেট সময় : ০৯:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ৪৭ বার পড়া হয়েছে
রিধিকা রিধির পরিবারের সদস্যদের বরাতে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, রিধির একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ভিডিও কলে রেখেই রিধি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও ঘটনার তদন্তের পরই এই অভিনেত্রীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের এই কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধির মরদেহ পায়। তার মাসহ পরিবারের সদস্যরা বর্তমানে থানায় রয়েছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হচ্ছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ জানিয়েছেন, অভিনেত্রী রিধির পরিবারের কাছ থেকে পাওয়া তার জাতীয় পরিচয়পত্রে নাম লীনা আক্তার। পুলিশ তার পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি রিধির সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক ও মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, সেসব বিষয়েও তদন্ত করছে।






















