আর্চারি ফেডারেশনের নির্বচনে থাকছেন আন্তর্জাতিক পর্যবেক্ষক
- আপডেট সময় : ০৯:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৮২ বার পড়া হয়েছে
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচনে কাউন্সিলরদের স্বাধীনভাবে প্রার্থী হওয়া এবং ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।
তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো কাউন্সিলরের জন্য বাধা থাকবে না। নিয়ম মেনে যে কেউ যেকোনো পদে প্রার্থী হতে পারবেন। পাশাপাশি প্রত্যেক কাউন্সিলর যেন নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই ফেডারেশনের লক্ষ্য।
নির্বাচন পর্যবেক্ষণে ওয়ার্ল্ড আর্চারি, ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও সাউথ এশিয়া থেকে প্রতিনিধি উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং কোনো ধরনের প্রভাব বিস্তার হচ্ছে কি না, তা খতিয়ে দেখবেন।
সভাপতি বলেন, আর্চারি ফেডারেশন এখন আগের তুলনায় অনেক বড় হয়েছে। খেলাটির সাফল্য ও আন্তর্জাতিক পর্যায়ে পদক অর্জনের কারণে এই ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহ বাড়ছে। গত ২৫ বছরে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ আর্চারির অর্জন প্রায় ৪৫ থেকে ৪৭টি পদক। এই সাফল্যই ফেডারেশনের বড় শক্তি বলে মনে করেন তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে নিজের অবস্থান নিরপেক্ষ থাকবে উল্লেখ করে সভাপতি বলেন, সবাইকে নিজেদের অধিকার অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। নির্বাচন যেন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সেটিই তার প্রত্যাশা।
ফেডারেশনের সামগ্রিক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরো জানান, খেলোয়াড়দের ভালো ফলাফল এবং সংগঠকদের সক্রিয় ভূমিকার কারণে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে আর্চারি। বর্তমান অবস্থান নিয়ে তার কোনো আক্ষেপ নেই।
উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।






















