মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান
- আপডেট সময় : ০৮:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৪১ বার পড়া হয়েছে
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হারের পর পাকিস্তান আজ মালদ্বীপকে হারালো ৩-০ গোলে। এই জয় তাদের গ্রুপ পর্বের বাধা টপকে সেমিফাইনালে যাবার পথ তৈরি করে দিয়েছে। অপেক্ষা কেবল ভারত ও মালদ্বীপের মধ্যকার ম্যাচের ফলাফলের উপর। ওই ম্যাচে মালদ্বীপ হার কিংব ড্র করলেই ছিটকে পড়বে। দুয়ার খুলে যাবে পাকিস্তানের।
তার আগে সেমিফাইনালে যাবার জন্য আজ মালদ্বীপের বিপক্ষে পাকিস্তানের ছিল বাঁচা মরার লড়াই। তাই কিক অফের প্রথমার্ধ থেকেই মালদ্বীপের ডিফেন্সকে এলোমেলো করে দিয়েছে তারা। তাতে সফলতাও পেয়েছে পাকিস্তান।
রোববার (৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের রক্ষণে আক্রমণের পসরা সাজিয়ে বসে পাকিস্তান। ঘড়ির কাঁটায় তখন মাত্র দুই মিনিট পেরিয়েছে; নিজেদের ডি-বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করে বসেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। চতুর্থ মিনিটে স্পট কিক থেকে নিখুঁত শটে পাকিস্তানকে ১-০ গোলে এগিয়ে দেন আব্দুল্লাহ।
সেই ধাক্কা সামলে ওঠার আগেই আবারও পিছিয়ে পড়ে মালদ্বীপ। নবম মিনিটে বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন নাজিব উল্লাহ। দুই গোল খেয়ে খেই হারিয়ে ফেলা মালদ্বীপের রক্ষণভাগ ২৪ মিনিটের মাথায় আবারও বড় ভুল করে বসে। মালদ্বীপের অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর ভুলের পূর্ণ সুযোগ নেন দারুণ ছন্দে থাকা নাজিব উল্লাহ। দূরপাল্লার চমৎকার এক কোনাকুনি শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি আদায় করে নেন তিনি। প্রথমার্ধেই তিন গোলের বিশাল লিড নিয়ে ম্যাচের ভাগ্য প্রায় নিশ্চিত করে ফেলে পাকিস্তান।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া মালদ্বীপ এক ধাক্কায় তিনটি পরিবর্তন আনে। তারকা ফরোয়ার্ড আলী ফাসির, হুসাইন সিফাউ ও নিশাম রশিদকে নামিয়েও অবশ্য গোলের দেখা পায়নি তারা। ৫২ মিনিটে ফেদু ইব্বের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নেওয়া নিচু শট দারুণ দক্ষতায় রুখে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। উল্টো ৭১ মিনিটে বদলি হিসেবে নামা শায়ক দোস্ত সুযোগ কাজে লাগাতে পারলে পাকিস্তানের ব্যবধান আরও বাড়তে পারত।
ভারতের বিপক্ষে ৩-২ গোলের হারের আক্ষেপ মুছে এই জয়ে দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের লড়াইয়ে দারুণভাবে ফিরেছে পাকিস্তান। অন্যদিকে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা মালদ্বীপ আগামী ১১ নভেম্বর তাদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে।



















