তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ভালো বই পড়ায় উৎসাহিত করলেন শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০২:২৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৪০ বার পড়া হয়েছে
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদ্যাপন শীর্ষক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আজকের ভবিষ্যৎ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য আগামী প্রজন্মকে ভালো বই পড়ায় উৎসাহিত করতে হবে।
শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, সরকার খেলাধুলা, সংস্কৃতি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এই উদ্যোগগুলো ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
এহছানুল হক মিলন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ‘করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই মানবিক ও সৃজনশীল মানুষ তৈরি করতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। এ সময় তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।
এদিন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির প্রমুখ বক্তব্য দেন।



















