পাকিস্তানের কাছে হেরে স্বর্নের লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ
- আপডেট সময় : ১২:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৭৫ বার পড়া হয়েছে
তাওহিদ হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মাত্র ১১১ রানের পুঁজি নিয়ে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে আটকে রাখা গেল না। হাসান নাওয়াজ ও আব্দুল সামাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। আর এই হারে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ।
জাপানের নিশিনে বৃহস্পতিবার এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও পাকিস্তান। বৃষ্টির আশঙ্কা না থাকলেও আউটফিল্ড ভেজা থাকার কারণে নির্ধারিত সময়ের চেয়ে সোয়া এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। বৈরী পরিস্থিতির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে দুই ইনিংসই ১৩ ওভার নির্ধারণ করা হয়।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৪৫ রানেই টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে মিডল অর্ডারে দলের হাল ধরেন তাওহিদ হৃদয়। মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে ৩০ বলে ৫৩ রানের এক গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তিনি। শেষ পর্যন্ত ১৫ বলে ৪২ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে মুকিমের বলে আউট হন হৃদয়। তাঁর এই ক্যামিও ইনিংসে ছিল ১টি চার ও ৪টি দৃষ্টিনন্দন ছক্কা। অন্য প্রান্ত থেকে মোসাদ্দেক করেন ১১ রান। শেষ দিকে শেখ মেহেদি হাসানের ৮ রানের ওপর ভর করে নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। পাকিস্তানের বোলারদের অতিরিক্ত খাত (ওয়াইডসহ) থেকে আসে গুরুত্বপূর্ণ ১৯ রান।
১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল পাকিস্তানও। শেখ মেহেদি হাসানের প্রথম আঘাতেই ফিরে যান সাহিবজাদা ফারহান। এরপর নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানও দ্রুত উইকেট এনে দিয়ে আশার আলো জ্বালান। দলীয় ৫৩ রানে রিশাদ হোসেনের বলে উসমান খান ফিরে গেলে ৪ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়েছিল পাকিস্তান।
তবে পঞ্চম উইকেটে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দেন হাসান নাওয়াজ ও আব্দুল সামাদ। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে এই দুজন অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান। সামাদ ১৫ বলে ৩০ এবং নাওয়াজ ২২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে আজ চরম ব্যর্থ ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ২ ওভারে ৪১ রান খরচ করেন তিনি, যা দলের পরাজয়কে ত্বরান্বিত করেছে। এছাড়া নাসুম ৩ ওভারে দেন ৩৩ রান। শেষ পর্যন্ত ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
এই জয়ের ফলে এশিয়ান গেমসের ফাইনালে উঠে স্বর্ণপদকের লড়াই নিশ্চিত করল পাকিস্তান। অন্যদিকে, স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে বাংলাদেশকে এখন লড়তে হবে ব্রোঞ্জ পদকের ম্যাচে।









