জোহানসবার্গ টেস্টের নাটাইল প্রোটিয়াদের হাতে, বৃহস্পতিবার ফয়সালা
- আপডেট সময় : ১২:১৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৭০ বার পড়া হয়েছে
দেড়শত রানে পিছিয়ে থাকার পর চতুর্থদিন শেষে দ্বিতীয় ইনিংসে ১০০ রান তুলতেই বাংলাদেশের ৫ উইকেট খতম৷ পঞ্চম তথা ফাইনাল ডেতে বাংলাদেশের সামনে যে আরো কঠিন কিছু অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না৷ মিরাকল কিছু না হলে বলাই যায় জোহানেসবার্গ টেস্টের নাটাইল এখন স্বাগতিক প্রোটিয়াদের হাতে৷ এরপরেও সব কিছু নির্ভর করছে সকালের সেশনের ব্যাটিংয়ের ওপর৷ বাংলাদেশের ব্যাটাররা যদি মাটি কামড়ে আকড়ে থাকতে পারে- কেটে যাবে বিপদ৷ তা না হয় দক্ষিণ আফ্রিকার পাশেই লেখা হতে পারে বিজয়৷
টাইগার শিবিরে হতাশার মেঘটা এবার ব্যাটিংয়ে নেমেই৷ যে উইকেটে কিছুক্ষণ আগেও দাপুটে রান তুলেছে দক্ষিণ আফ্রিকা, সেখানে বাংলাদেশ হাঁটছে ঠিক তার উল্টো পথে৷ বোলিয়ের পর ব্যাটিংয়েও সুবিধা করতে পারল না টাইগাররা। কাগিসো রাবাদা আর সিমন হারমারের বোলিং তোপে পড়ে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ৷ ৩৪.২ ওভারে ৫ উইকেট হারিয়েকরেছে ১০০ রান৷ ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনো প্রয়োজন ৫৭ রান।
দ্বিতীয় ইনিংসের ওপেন করতে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করছিলেন তানজিদ হাসান তামিম। একবার আম্পায়ার আউটও দিয়েছিলেন। তবে বেঁচে গিয়েছিলেন রিভিউ নিয়ে। কিন্তু ফিরে পাওয়া জীবন কাজে লাগাতে পারেননি তিনি। ইনিংসের অষ্টম ওভারে মার্কো ইয়ানসেনের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। ২১ বলে ৪ রান করে দেখেন সাজঘরের পথ।
এরপর উইকেটে এসেছিলেন দলের দ্বিতীয় অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটার ফিরলেন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে। নবম ওভারে রাবাদার অফস্ট্যাস্পের বাইরের বল খেলতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হয়ে হয়ে যান মুমিনুল (৩ বলে ১ রান)। বলটি এমন ছিল যে, চাইলেই ছেড়ে দিতে পারতেন মুমিনুল।
১২ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে জুটি গড়েছিলেন শান্ত আর মাহফিজুল ইসলাম রবিন। ৮৮ বলে ৩১ রান এসেছিল এই জুটি থেকে। দুজনই দেখে শুনে খেলছিলেন। দক্ষিণ আফ্রিকা স্পিন আক্রমণে যেতেই বদলে যায় দৃশ্যপট। সিমন হারমারের বলে পরাস্ত হন শান্ত। ২২.২ ওভারে স্লিপে ক্যাচ দেওয়ার আগে ৪২ বল খেলে ১১ রান করেন তিনি।
শান্ত ফেরার পর উইকেটে আসেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয়। রবিনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় সেশনের বাকি সময়টা কাটিয়ে দেন তিনি। তবে চা-বিরতি থেকে ফেরার পর আর বেশি সময় টিকতে পারেননি হৃদয় ও রবিন দুজনই।
চা-বিরতি থেকে ফিরে চতুর্থ ওভারেই সিমন হারমারের শিকারে পরিণত হন রবিন। কয়েকবার জীবন পাওয়ার পর নিজেকে বেশ গুছিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু হারমারের অফস্ট্যাম্পের বাইরে পিচ করা বলের অমন টার্নে পরাস্ত হন তিনি। ইনিংসের ২৯তম ওভারে ফেরার আগে ৯২ বল খেলে ৩২ রান আসে তার ব্যাট থেকে।
এরপর তাওহিদ হৃদয়ও বেশি সময় উইকেটে থাকতে পারেননি। বেশ সাবলীলই মনে হচ্ছিল তাকে। কিন্তু রাবাদার করা শরীর বরাবর বাউন্সার ঠিক করবেন হৃদয় তা বুঝে ওঠার আগেই ব্যাট ছুঁয়ে বল যায় উইকেটরক্ষক রায়ান রিকেল্টনের গ্লাভসে। টানা তিন ইনিংসে হাফসেঞ্চুরি করার পর এবার তিনি ফেরেন ২৩ বলে ২৩ রান করে।
এরপর ষষ্ঠ উইকেটে জুটি গড়ে দিনের বাকি সময় পার করে দেন মুশফিকুর রহিম আর লিটন দাস। দ্রুত উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যাওয়া বাংলাদেশের জন্য স্বস্তি হয়ে আসে আলোকস্বল্পতা। যে কারণে চতুর্থ দিনের তৃতীয় সেশনের খেলা শেষ হওয়ার আগেই খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা।
এখন শেষদিনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। ম্যাচে টিকে থাকতে হলে ব্যাটিংয়ে কাটিয়ে দিতে হবে অন্তত দিনের প্রথম দুই সেশন। সেটি হলে অন্তত ম্যাচে ড্র করতে পারবে বাংলাদেশ। সেটি করতে হলে অবশ্য গুরুত্বপূর্ণ হবে লিটন ও মুশফিকের ষষ্ঠ উইকেট জুটি।
এর আগে তৃতীয় দিন যে আশা জাগিয়ে শেষ করেছিল বাংলাদেশ, চতুর্থ দিন সকালে সেটি পূরণ করতে পারেনি। ক্যাচ ফেলে দিয়ে হতাশা বাড়িয়েছে টাইগাররা। সেই ভুলের মাশুলও বেশ ভালোই দিতে হয়েছে। দারুণ ব্যাটিংয়ে প্রথম সেশনটা কাটিয়ে দেন তারা।
এরপর হঠাৎ পাওয়া ছন্দে বাকি তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। তার আগেই অবশ্য দেড়শ রানের লিড পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত তারা থামে ৫৫৭ রানে। লিড পায় ১৫৭ রানের।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)
বাংলাদেশ প্রথম ইনিংস : ১০১.২ ওভারে ৪০০/১০
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ১২৪.১ ওভারে ৫৫৭/১০ (মার্করাম ৪, হামজা ৮৩, একারম্যান ১৫৭, ব্রিটজকে ২, মুল্ডার ০, ইয়ানসেন ৮, হারমার ১, রিকেল্টন ১০২, রাবাদা ৭২, পিটারসন ২৯, বাভুমা ৬৮*; তাসকিন ২৮-৪-১২৪-২, হাসান ৩০.৪-৩-১১৮-৪, ইবাদত ১৪.১-২-৬০-১, মিরাজ ৩৫.২-৪-১৬৫-২, মুমিনুল ১৬-১-৭২-০)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৩৪.২ ওভারে ১০০/৫ (তামিম ৪, মুমিনুল ১, শান্ত ২৩, রবিন ৩২, হৃদয় ২৩, মুশফিক ৫*, লিটন ১২*; রাবাদা ১১-৫-২৯-২, ইয়ানসেন ৫-২-৭-১, পিটারসেন ৬-১-১৪-০, মুল্ডার ৫-২-৯-০, হারমার ৬.২-১-৩০-২, মার্করাম ১-০-৩-০)




















