তৌহিদ হৃদয়ের বীরত্ব গাঁথা ব্যাটিংয়ে স্বস্তিতে দিনপার বাংলাদেশের
- আপডেট সময় : ০১:৩৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ৮৪ বার পড়া হয়েছে
শেষ ওভার৷ দিনেরও শেষ বল৷ বড় পর্দায় ভেসে উঠেছিল-লাস্ট ওভার৷ জোহানেসবার্গের পশ্চিম আকাশে তখন হেলে পড়েছিল সূর্য৷ স্লো ওভার রেটের কারণে ৮৪ ওভারেই দিনের খেলার সমাপ্তি টানার সিদ্ধান্ত৷ ঠিক তখনি বিদায় নিলেন তৌহিদ হৃদয়৷ যিনি দিনভর উইকেটে থেকে প্রোটিয়াদের বিপক্ষে বীরত্ব গাথা গল্প লিখেছিলেন৷ যারা আবার কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে নাকানিচুাবানী খাইয়েছিল৷
সে দলের বিপক্ষে তাদের মাটিতে খাদের কিনারা থেকে ঘুরে দাড়িয়ে দলীয় স্কোর তিনশত রানের উপরে নিয়ে গেছেন৷ তৈরি করেছেন প্রত্যাবর্তনের অনন্য কাব্য৷ এমন সব আনন্দ বার্তা বহনের পরেও তৌহিদ হৃদয়ের শেষ বিকেলটা ছিলো বিভীষিকাময়৷ দিনের শেষ ওভারের শেষ বলে উইকেট হারানোর যন্ত্রণা৷
কাগিসো রাবাদার একের পর এক আগুনঝরা আক্রমণে যখন ব্যাটাররা দিশেহারা, একশর বেশি টেস্ট খেলা মুশফিকুর রহিমও গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ নিয়ে ফিরেছেন, তখন বুক চিতিয়ে লড়াই চালিয়ে গেছেন হৃদয়। করেছেন প্রানবন্ত সেঞ্চুরি৷ লিটন দাসকে সঙ্গে নিয়ে গড়েছেন ২০৬ রানের জুটি৷
কিন্তু শেষ রক্ষা তার হলো না। দিনের শেষ বলটিতে পেসার মার্কো জানসেনের লো ফুলটসকে ইয়র্কার ভেবে খেলতে গিয়ে যেন নিজের উইকেটটাই উপহার দিলেন হৃদয়। ১৩৭ রানের দুর্দান্ত এক ম্যারাথন ইনিংসের সমাপ্তি ঘটল সেখানেই। একদিকে হৃদয়ের বিদায়, অন্যদিকে ৯২ রানে অপরাজিত লিটন। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান।
যদিও দিনের শুরুর দিকে এমন স্কোর দেখাটাই ছিলো অকল্পনীয়৷ ১২১ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৫টি উইকেটই কাগিসো রাবাদার পকেটে। সেখান থেকে লিটন ও হৃদয়ের অসাধারণ ইনিংসে বাংলাদেশের দারুণ ফাইটব্যাক।
ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বজায় রেখেছেন ধারাবাহিকতা৷ দলের কঠিন বিপর্যয়ের সময়ে লিটনকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে দলীয় স্কোর মজবুত করেন৷
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে এই তালিকার দ্বিতীয় স্থানে ছিল মেহেদী হাসান মিরাজ ও জাকির আলী অনিকের ১৩৮ রানের জুটি, যা তারা গড়েছিলেন মিরপুরে।


















