বাবার করা আইনেই ফেরতে হবে কন্যা শেখ হাসিনাকে
- আপডেট সময় : ০৫:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ৬৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পলাতক আসামির আর আপিলের সুযোগ থাকে না। ফলে শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইন মেনেই ফিরতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে আপিলের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেই সময়সীমা পার হয়ে গেলে আইন অনুযায়ী আপিলের সুযোগ থাকে না। এটি শেখ হাসিনার বাবার প্রণীত আইন। সেই আইনের বিধান সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি সুযোগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশে আসবেন। ভারত থেকে তাকে প্রত্যর্পণ করা হলে তা হবে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায়।
আইনমন্ত্রী বলেন, এই যে প্রত্যর্পণ চুক্তি, সেই চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া।
আপিলের সুযোগ না থাকার বিষয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ ধরনের মামলায় বিলম্ব মার্জনার আইনগত কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট বিশেষ আইনে এ ধরনের সুযোগ রাখা হয়নি। আইনটি আওয়ামী লীগ সরকারই করেছে।
এ প্রসঙ্গে সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদের উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমানের আমলে করা সংবিধানের ওই বিধানে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এটি আওয়ামী লীগের করা আইন।
ভারত সরকার শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিতে আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটা তারা বলতে পারবেন।
এ ছাড়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকার পর্যালোচনা করছে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, তা করা হয়েছে। অন্য পক্ষ কী করবে, সেটি তাদের বিষয়।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে। এ ধারার উপধারা (১) অনুযায়ী, ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি দণ্ড ও দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন। তবে উপধারা (৩) অনুযায়ী, দণ্ডাদেশ বা খালাসের আদেশ কিংবা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। নির্ধারিত সময় পার হওয়ার পর আর আপিল করা যাবে না। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে ধারাটির বর্তমান বিধান যুক্ত করা হয়।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ এবং রাজধানীর চানখাঁরপুল ও আশুলিয়ায় আন্দোলনকারীদের হত্যার ঘটনায় দায়ী করা হয়। রায়ে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিলের জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারিত ছিল। তবে শেখ হাসিনা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। ফলে আইনের নির্ধারিত আপিলের সময়সীমা এরই মধ্যে পার হয়ে গেছে।
এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেছিলেন, নির্ধারিত সময়ের পর আপিল করা হলে বিলম্ব মার্জনার বিষয়টি আপিল বিভাগ বিবেচনা করবেন কি না, সেটি আদালতের সিদ্ধান্তের বিষয়। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও বলেছেন, ৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ হয়ে গেছে।
উল্লেখ্য এই একই আইনের কারণ দেখিয়ে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে দেশে ফিরতে দেওয়া হয়নি৷ আবেদন করেও খোকা যে দেশের জন্য লড়াই করেছিলেন সে দেশের পাসপোর্টটা ফিরত পাননি৷ যুক্তরাষ্ট্রে মৃত্যুর পর ট্রাভেল পাস দিয়ে দেশে আনা হয় তার মৃতদেহ৷























