টরেন্টো মাতালেন রেজওয়ানা, শিবলী ও শামীম আরা নিপা
- আপডেট সময় : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৬৮ বার পড়া হয়েছে
কানাডার টরন্টোতে সংগীত ও নৃত্যের এক বিশেষ সন্ধ্যায় মুগ্ধ সেখানকার দর্শক-শ্রোতা। রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার পরিবেশনায় মেতে ওঠে পুরো মিলনায়তন। অনুষ্ঠান শেষ হলেও এর ছবি, ভিডিও ও প্রশংসাসূচক মন্তব্য ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত ১৪ নভেম্বর টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয় ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’। নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন ও সাইলেন্ট ডন প্রোডাকশনসের আয়োজনে এই সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত ও নৃত্যের নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তাঁর রবীন্দ্রসংগীত পরিবেশনায় যুক্ত হয়েছিল পাশ্চাত্য ও ভারতীয় ধ্রুপদি বাদ্যযন্ত্রের সুর। রাত ১১টার পরও দর্শকদের বড় একটি অংশ মিলনায়তনে বসে তাঁর গান উপভোগ করেন। প্রবাসের ব্যস্ত জীবনে গভীর রাত পর্যন্ত রবীন্দ্রসংগীতের প্রতি দর্শকদের এমন আগ্রহ আয়োজনের বিশেষ দিক হয়ে ওঠে।
বন্যার সঙ্গে যন্ত্রসংগীতে অংশ নেন পাঁচ শিল্পী। বাঁশিতে প্রেমিক রাসেল টাবস, সেতারে মোহাম্মদ আসানি, পিয়ানো ও সংগীতায়োজনে টিমোথি করলিস, চেলোতে বেন বোল্ট-মার্টিন এবং তবলায় রনি পামার। তাঁদের সম্মিলিত পরিবেশনা সংগীতের আবহে যোগ করে ভিন্ন মাত্রা।
বাঁশির সুর ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা তাঁদের দল নিয়ে পরিবেশন করেন ‘আলোকের এই ঝর্ণাধারায়’। দোতারায় জুনায়েদ আনোয়ার ও বাঁশিতে জাহাঙ্গীরের পরিবেশনা, বাউলগানের সঙ্গে নৃত্য, ‘মোর ঘুমঘোরে’ যুগল নৃত্য এবং দিলারা নাহার বাবুর কবিতার পরিবেশনা অনুষ্ঠানকে বৈচিত্র্যময় করে তোলে।
তাপস দেবের নৃত্য পরিকল্পনা ও নির্দেশনায় নাহিদ নাসরীন নয়ন ও তাপস দেবের যুগল নৃত্য দর্শকদের প্রশংসা কুড়ায়। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার দলীয় পরিবেশনা ‘ধ্রিম’ও ছিল সন্ধ্যার অন্যতম আকর্ষণ।
এবারের আয়োজনের বিশেষ দিক ছিল স্থানীয় নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের অংশগ্রহণ। অনুষ্ঠানের আগে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার পরিচালনায় দুই দিনের নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে প্রশিক্ষণ নেওয়া শিল্পীদের একটি দল মূল অনুষ্ঠানে কিংবদন্তি শিল্পীদের সঙ্গে মঞ্চে পরিবেশনার সুযোগ পায়। প্রবাসে বাংলা নৃত্যচর্চাকে এগিয়ে নিতে এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য বিশেষ অভিজ্ঞতা হয়ে ওঠে।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী। নির্ধারিত সময়ে শুরু, পরিবেশনার ধারাবাহিকতা ও মঞ্চ ব্যবস্থাপনায় ছিল আয়োজকদের পরিকল্পনার ছাপ। আয়োজন সফল করতে দীন ইসলামসহ সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী, স্বেচ্ছাসেবক ও পৃষ্ঠপোষকেরা সহযোগিতা করেন।
অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়ায় প্রশংসা পেয়েছে শিল্পীদের পরিবেশনা, সংগীতায়োজন, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনা। প্রবাসে বাংলা সংগীত ও নৃত্যের প্রতি অনুরাগের প্রকাশ হয়ে টরন্টোর এই আয়োজন হয়ে উঠেছে সাংস্কৃতিক অঙ্গনের স্মরণীয় এক সন্ধ্যা।




















