আবাহনী ও কিংসের জন্য সময় বাড়ালো বাফুফে
- আপডেট সময় : ১২:৩৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১০৯ বার পড়া হয়েছে
আগামী সপ্তাহে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ম্যাচ দিয়ে ২০২৬-২৭ ফুটবল মৌসুম শুরু হওয়ার কথা। অথচ দুই ক্লাবই এখনও ফিফার নিষেধাজ্ঞার কবলে। বসুন্ধরা কিংস ১৪টি এবং আবাহনীর একটি নিষেধাজ্ঞা রয়েছে।
১১ আগস্ট ছিল বাফুফের ক্লাব লাইসেন্সিংয়ের শেষ সময়। শীর্ষ দুই ক্লাব নিষিদ্ধ থাকায় বাফুফে লাইসেন্সিং সময় ১৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। ১৩ আগস্ট ছিল খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা। সেটা বেড়ে ১৯ আগস্ট হয়েছে।
ঘরোয়া ফুটবল খেলতে হলে ক্লাব লাইসেন্সিং বাধ্যতামূলক। ক্লাব লাইসেন্সিং করতে হলে ফুটবলারদের বকেয়া কিংবা নিষেধাজ্ঞা থাকলে আবেদন করা যায় না। তাই আবাহনী-কিংস কেউই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি।
আবাহনী-কিংস ফিফার নিষেধাজ্ঞায় থাকায় ঢাকা ওয়ান্ডারার্স, আরামবাগ ও ফকিরেরপুল ইয়ংমেন্সকে লিগে খেলার সুযোগ দিয়েছে ফেডারেশন। ইয়ংমেন্সেরও দুটি ফিফা নিষেধাজ্ঞা রয়েছে। তারা কাটানোর চেষ্টা করলেও এখনো সফল হয়নি। ঢাকা ওয়ান্ডারার্স ও আরামবাগ প্রিমিয়ার লিগ দল গঠনের চেষ্টায় রয়েছে।






















