প্রশ্নফাঁস ঠেকাতে রাতভর সচিবালয়ে পাহারারত যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী!
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ৪১ বার পড়া হয়েছে
নতুন করে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি নিজেই সচিবালয়ে রাত কাটিয়ে দিলেন যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী আমিনুল হক। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে তা নিরাপদভাবে পরীক্ষাকেন্দ্রে পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি প্রতিমন্ত্রী সরাসরি তদারকি করছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে নিজের দফতরেই তিনি ঘুমানোর সিদ্ধান্ত নেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষাকে কেন্দ্র করেই প্রতিমন্ত্রী আমিনুল হক এমন নজিরবিহীন উদ্যোগ নিয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতেও সচিবালয়ে কড়া নিরাপত্তায় প্রশ্নপত্র তৈরির কাজ চলতে দেখা গেছে। প্রতিমন্ত্রীর সঙ্গে সেখানে রাতভর অবস্থান করছেন মন্ত্রণালয়ের সচিব, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
এর আগে গত ১০ অক্টোবর এই পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষাটি স্থগিত করা হয়। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩ লাখ ১৯ হাজার পরীক্ষার্থী চরম ভোগান্তি ও ক্ষোভের মুখে পড়েন। ওই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে মন্ত্রণালয় থেকে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের কাজে সহায়তার জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই এবং সিআইডি-এর ফরেনসিক টিম যুক্ত রয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকার ৯৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্বের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রশ্নপত্র তৈরি ও বিতরণের পুরো চেইনটিকে ডিজিটাল ও ম্যানুয়াল উভয় পদ্ধতিতেই কঠোর নজরদারির আওতায় এনেছেন স্বয়ং প্রতিমন্ত্রী।
এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রশ্নফাঁসের সাথে মন্ত্রণালয়ের ভেতরের বা বাইরের যারাই জড়িত থাকুক না কেন, তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। পরীক্ষার্থীদের স্বপ্ন ও মেধা নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আজ শুক্রবারের পরীক্ষা সম্পূর্ণ বিতর্কহীন ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে মন্ত্রণালয় ও অধিদফতর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।




















