আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম; ফেব্রুয়ারিতে মিরপুরে খেলবেন শেষ টেস্ট
ক্রীড়া প্রতিবেদক
- আপডেট সময় : ১২:০০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। আজ (শনিবার) বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
এর আগে বিসিবি কার্যালয়ে বেলা দুইটা থেকে বোর্ড পরিচালকদের সভা শুরু হয়। পূর্বঘোষণা অনুযায়ী সভা শেষে বিকেল সাড়ে পাঁচটায় সংবাদ সম্মেলনকক্ষে আসেন বোর্ড সভাপতি। শুরুতেই তিনি জানান, বোর্ড সভার সিদ্ধান্ত নিয়ে বলার মতো তেমন কিছু নেই। তবে এরপরই উপস্থিত সংবাদকর্মীদের চমকে দিয়ে মুশফিকুর রহিমের অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল।
আগামী ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ থেকে আগেই অবসর নেওয়া মুশফিক এই টেস্টের মধ্য দিয়েই নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন।
রঙিন পোশাকের দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা মুশফিক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন। তবে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তের কথা কিছুদিন আগে তামিমকে জানালেও এবার নিজে থেকে কোনো ঘোষণা দিতে চাননি তিনি। বরং বিসিবি সভাপতির মাধ্যমেই বিষয়টি জানানোর অনুরোধ করেছিলেন।
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল এ প্রসঙ্গে বলেন, ‘মুশফিক বেশ কয়েক দিন আগেই আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। আমি তাকে বলেছিলাম, একটি সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা নিজেই ঘোষণা করতে। তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলাম।’ তবে শেষ পর্যন্ত সতীর্থ ও দীর্ঘদিনের বন্ধুর অনুরোধ রাখতেই সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি।




















