রাঙামাটির বাঘাইছড়িতে রাতের আকাশে রহস্যময় ড্রোন
- আপডেট সময় : ১০:৫৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে
রাঙামাটির বাঘাইছড়িতে রাতের আকাশে রহস্যময় তিনটি ড্রোনের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে ১৫ রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে গুলি ছোড়ার পর ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে। শুক্রবার রাত ১০টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর এ ঘটনা ঘটে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ মারিশ্যা জোনের হেলিপ্যাডের আকাশে রহস্যময় তিনটি ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসার পরপরই আশপাশের সব বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ক্যাম্পকে সতর্ক করা হয়।
পরে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের (পিএসসি) নির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি (লাইট মেশিনগান) থেকে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে গুলি ছোড়ার পরপরই ড্রোনগুলো দ্রুত দূরে সরে যায়।
সংশ্লিষ্টদের ধারণা, পাহাড়ের চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কোনও অজ্ঞাত শক্তি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে ড্রোনগুলোর পরিচয় ও উড্ডয়নের উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে। এ ঘটনার পর থেকে জোনের আওতাধীন সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’






















