ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনা সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০১:৪৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ৪৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খেলাধুলা কেবল প্রতিযোগিতাই নয়, বরং মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে শক্তিশালী করে। একটি সুস্থ, কর্মক্ষম ও আত্মপ্রত্যয়ী জাতি গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম।
আগামী ২৩-২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের আসরটি আয়োজন করা হচ্ছে। বাণীতে প্রধানমন্ত্রী প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে এর সার্বিক সাফল্য কামনা করেন।
প্রতিযোগিতা উপলক্ষে আয়োজক, অংশগ্রহণকারী অ্যাথলেট, প্রশিক্ষক, কর্মকর্তা, বিচারক, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এটি কেবল একটি ক্রীড়া আয়োজন নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।
এ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রতিভার বিকাশ, তরুণ-তরুণীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ এবং জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্সের ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা করেন।
প্রধানমন্ত্রী যোগ করেন, ক্রীড়া এখন শুধু বিনোদন কিংবা শারীরিক সুস্থতার মাধ্যম নয়, বরং একটি পেশা হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশেও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার স্কুল পর্যায় থেকেই ক্রীড়া শিক্ষাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে। শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম প্রধান মাধ্যম হলো ক্রীড়া।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব অ্যাথলেটকে নিয়মনীতি মেনে সর্বোচ্চ নিষ্ঠা ও ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে নিজেদের সেরাটা তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব বজায় রাখার অনুরোধ জানান।



















