পুরানো ঐতিহ্য ফিরিয়ে উৎসবমুখর দলবদল মোহামেডানের
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:২৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল লিগের শিরোপা জিতেছিল। দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে তারা ২০২৫ সালের ১৭ মে এই শিরোপা অর্জন করে। এরপর আবারো শিরোপা শুন্য। গেলো মৌসুমে নেমে যায় পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে, ২৩ পয়েন্ট নিয়ে। ১৮ ম্যাচে ৬ জয়,৫ পরাজয়,৭ ড্র ছিল।
চলতি মৌসুমে সে ব্যর্থতা ঘুচাতে মরিয়া হয়ে উঠেছেন ক্লাবটি সংগঠকরা। শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার ১৩ আগস্ট উৎসব মুখর দল-বদলে অংশ নিয়ে যেন চ্যাম্পিয়ন হওয়ার অগ্রিম বার্তা দিলো ঐতিহ্যবাহী ক্লাবটি। ক্লাব প্রাঙ্গন থেকে ঢাক-ঢোল, র্যালি আর ঘোড়ার গাড়িতে চড়িয়ে ফুটবলারদের নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে। ২০২৬-২৭ মৌসুমের জন্য খেলোয়াড় নিবন্ধনের চলমান কার্যক্রমে এমন অনন্য দৃশ্য তৈরি করেছে ঐতিহ্যবাহী এই ক্লাব।

যদিও পেশাদার যুগে এসে দল-বদলের হাঁক-ঢাক সেই আগের মতো নেই। সেরা খেলোয়াড়দের দলে ভিড়ানোর জনের জন্য এক সময় ক্লাব সংগঠকরা পছন্দের খেলোয়াড়দের গোপন জায়গা লুকিয়ে রাখা হতো। দল-বদলের দিন ব্যাপক নিরাপত্তায় নিয়ে যাওয়া হতো বাফুফে ভবনে।
পেশাদার যুগে খেলোয়াড় কেনাবেচার উত্তেজনা অনেকটাই কমে গেলেও সাদাকালোরা এবার ভিন্নরকম উৎসবমুখর পরিবেশে দলবদল সম্পন্ন করেছে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের দল-বদলে উন্মাদনা ও আমেজ ফিরিয়ে এনেছে। ২০২৬-২৭ মৌসুমের জন্য খেলোয়াড় নিবন্ধনের চলমান কার্যক্রমে এমন অনন্য দৃশ্য তৈরি করেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ঘর ভেঙে জিকো ও ফয়সাল আহমেদ ফাহিমসহ মোট আটজন ফুটবলারকে দলে ভিড়িয়েছে মোহামেডান। বৃহস্পতিবার মোট ২৩ জন খেলোয়াড়ের নাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনে জমা দিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।
নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের আগে ক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নতুন খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন ক্লাব কর্মকর্তারা। সভাপতি বরকত উল্লাহ বুলু, ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
এই দলবদল শুধু সংখ্যাগত পরিবর্তন নয়, বরং মোহামেডানের শক্তিশালী দল গড়ার স্পষ্ট বার্তা। বসুন্ধরা কিংসের মতো শীর্ষ ক্লাব থেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে আসায় সাদাকালোদের শক্তি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
মোহামেডানের সমর্থকদের মধ্যে নতুন উৎসাহ তৈরি করেছে এই উদ্যোগ। একসময় যেভাবে দলবদলকে উৎসব হিসেবে পালন করা হতো, সেই আমেজই ফিরিয়ে আনার চেষ্টা করেছে মোহামেডান। দেশের ঘরোয়া লিগে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।





















