গাজা ও লেবানন ইস্যুতে সৌদিতে মুসলিম বিশ্বের নেতারা
- আপডেট সময় : ০১:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ২৩৫ বার পড়া হয়েছে
গাজা ও লেবাননের সাথে ইসরাইলি হামলার ইস্যু নিয়ে আলোচনা করতে সৌদি আরবে জড়ো হয়েছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ ও গাজা-লেবাননে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পদক্ষেপের বিষয়টি প্রাধান্য পাবে এই আয়োজনে।
সোমবারের এই সম্মেলনে সৌদি আরব, জর্ডান, মিশর, কাতার, তুরস্ক, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন। এছাড়াও যোগ দেওয়ার কথা রয়েছে আরব লিগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবরাও।
সম্মেলনটি গত বছরের নভেম্বরের আরব-ইসলামিক সম্মেলনের পরবর্তী পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সম্মেলনে রিয়াদে গাজাসহ পুরো ফিলিস্তিন অঞ্চলের বিপজ্জনক ও অভূতপূর্ব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল।
সৌদি প্রেস এজেন্সি-এসপিএ এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি এবং লেবানের ভূখণ্ডে বাড়তে থাকা সহিংসতা, বিশেষ করে ইসরাইলের নৃশংস আগ্রাসন আরব ও ইসলামিক নেতাদের জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করেছে। এসপিএ জানিয়েছে, ‘এই পরিস্থিতি মোকাবিলায় আরব এবং ইসলামিক দেশগুলোর ঐক্যের প্রয়োজন’।















