বাংলাদেশের দুই পেসার এখন ‘কেন্ট ব্রাদার্স’
- আপডেট সময় : ০৯:২৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের কেন্ট ক্রিকেট ক্লাবের মাঠে পাশাপাশি দাঁড়িয়ে বাংলাদেশের হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার থাকা মানে বিরাট কিছু সেখানে হাসান ও খালেদের উপস্থিতি বাড়তি রোমাঞ্চ যোগ করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্টের পোস্ট করা ভিডিওতে দেখা যায় হাসান বলছেন, ‘আমি ফিরে এসেছি এবং এবার একা আসিনি…।’ এরপর পাশে তাকিয়ে খালেদকে যেন ডেকে বসলেন। বাংলাদেশি এই পেসার সাথে সাথে যোগ দেন হাসানের পাশে। কেন্টের হয়ে হাসান আগেই খেলেছেন। সেপ্টেম্বরে তার আবার যোগ দেওয়ার কথা ছিল। এবার বাড়তি হিসেবে কেন্ট উড়িয়ে নিয়েছে খালেদকে।
কেন্টে যাওয়ার কথা ছিল শরিফুল ইসলামের। কিন্তু তাকে এনওসি দেয়নি বিসিবি। তার জায়গায় সুযোগ পেয়েছেন খালেদ। সব ঠিকঠাক থাকলে উস্টারশায়ারের বিপক্ষে ক্যান্টারবুরিতে বুধবার একসঙ্গে মাঠে নামবেন বাংলাদেশের দুই পেসার। যে কোনো সংস্করণেই এই প্রথম দেশের বাইরের কোনো দলে খেলার সুযোগ পেলেন খালেদ।
কেন্টে যোগ দিয়ে রোমাঞ্চিত খালেদ। ভালো কিছু করার ক্ষুধার কথা জানালেন তিনি, ‘কাউন্টি ক্রিকেট খেলতে পারা এবং কেন্টের মতো একটি সমৃদ্ধ ইতিহাস সম্পন্ন ক্লাবে যোগ দেওয়া আমার জন্য সম্মানের ব্যাপার। মৌসুমের গুরুত্বপূর্ণ অংশ এটি এবং দলকে প্রমোশন পেতে (ডিভিশন ওয়ানে) সাহায্য করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। যখন প্রস্তাবটি প্রথম পাই, তখন ‘হ্যাঁ’ বলাটা খুবই সহজ ছিল আমার জন্য। হাসান এবং আমার এজেন্ট দুজনেই কেন্টের সঙ্গে তাদের অভিজ্ঞতা নিয়ে এবং এই ক্লাব আসলে কেমন একটি পরিবার, সে সম্পর্কে আমাকে অনেক ভালো কথা বলেছেন। আশা করি, কেন্টের সদস্য ও সমর্থকদের, সেই সঙ্গে বাংলাদেশের ভক্তদেরও গর্বিত করতে পারব।’
খালেদকে দলে নেওয়ার পেছনের ভাবনা তুলে ধরে কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক বলেন, ‘হাসানের পাশাপাশি খালেদকে ক্যান্টারবুরিতে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এমন একজন বোলারকে আমরা দলে নিতে চেয়েছিলাম, যিনি এসে দ্রুতই আমাদের স্কোয়াডকে শক্তিশালী করতে পারবেন এবং মৌসুমের শেষ পর্যায়ে আমাদেরকে আরও বেশি বিকল্প এনে দেবে।’











