ঢাকায় মালদ্বীপ ফুটবল দল, ১৩ ও ১৬ নভেম্বর দুই প্রীতি ম্যাচ
- আপডেট সময় : ১১:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ২৫২ বার পড়া হয়েছে
ডিডিএম প্রতিবেদক :
প্রায় এক বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে ঢাকা এসেছে মালদ্বীপ। আজ দুপুরের আগে ঢাকায় পা রাখেন মালদ্বীপ দলের সদস্যরা। ১৩ ও ১৬ নভেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের মোকাবিলা করবে দ্বীপ দেশটি।
এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ও মালদ্বীপের দুই ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাফুফে। ভিআইপি টিকিটের মূল্য ৮০০ টাকা এবং গ্যালারি ৫০০ ও ৩০০ টাকা। টিকিট পাওয়া যাবে সোশ্যাল ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক বসুন্ধরা শাখায়।
আগামীকাল সন্ধ্যা ৬টায় কিংস অ্যারেনায় অনুশীলন করবে মালদ্বীপ। বাংলাদেশ শেষ অনুশীলন করবে এদিন বিকাল পৌনে ৫টায়। দুই দলের অনুশীলনের মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত হবে উভয় দলের কোচ ও অধিনায়কের অফিসিয়াল প্রেসমিট।
ম্যাচ দুটি সামনে রেখে গত ১ নভেম্বর থেকে অনুশীলন করছে বাংলাদেশ। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা দুই দফায় ২৭ জন ফুটবলারকে অনুশীলনের জন্য ডেকেছেন। সেপ্টেম্বরে থিম্পুতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর বাংলাদেশ প্রথম মাঠে নামছে। এই দুই ম্যাচ ২০২৪ সালের শেষ খেলা বাংলাদেশের।
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল গত বছর অক্টোবরে বিশ্বকাপ ২০২৬ এর বাছাইয়ের প্রথম রাউন্ডে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক দুই ম্যাচের প্রথমটি মালেতে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আর হোম ম্যাচ ২-১ গোলে জিতে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছিল লাল-সবুজ প্রতিনিধিরা।
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ও মালদ্বীপ মুখোমুখি হয়েছে ১৮ বার। ফলাফলে দুই দলের অবস্থান সমানে সমান। ৬টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও মালদ্বীপ এবং ৬টি ম্যাচ ড্র হয়েছে।










