ভারতের কাছে বড় হারে অনিশ্চিত বাংলাদেশের সেমিফাইনাল
- আপডেট সময় : ০৯:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে
এশিয়ান গেমসে কাবাডি মানেই বাংলাদেশের পদকের প্রত্যাশা। পুরুষ কাবাডিতে দুই দশক ধরে পদক না থাকলেও এবার শুরুটা হয়েছিল আশাব্যঞ্জক। দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে পদকের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। তবে জাপানের কাছে হারের পর সেই সম্ভাবনা অনিশ্চয়তায় পড়ে। এরপর বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে ৪৮-২৫ পয়েন্টে হেরে এখন সেমিফাইনালের টিকিট পেতে অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে লাল-সবুজের দলকে।
ভারতের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই দুইবার অলআউটের শিকার হয়ে ৯-২৯ পয়েন্টে পিছিয়ে পড়ে তারা। ভারতের রেইডার ও ডিফেন্ডারদের সম্মিলিত পারফরম্যান্সে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে।
দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। আক্রমণে আগের চেয়ে কার্যকর হয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করে তারা। কিন্তু ভারতও ১৯ পয়েন্ট তুলে নেওয়ায় ব্যবধান কমানোর সুযোগ হয়নি। শেষ পর্যন্ত ২৩ পয়েন্টের ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ।
এর আগে এশিয়ান গেমসের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারানোর পর চাইনিজ তাইপের বিপক্ষে ৪৮-৪৭ পয়েন্টের রোমাঞ্চকর জয় পায় তারা। পরপর দুই জয়ে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল।
কিন্তু মঙ্গলবার জাপানের বিপক্ষে ৩৭-৪০ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। ওই ম্যাচে জিতলেই সরাসরি সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সুযোগ ছিল। হারের পর ভারতের বিপক্ষে কঠিন সমীকরণ সামনে আসে।
ভারতের বিপক্ষে হারলেও বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। গ্রুপ ‘এ’-তে ভারত, বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে রয়েছে। নিয়ম অনুযায়ী দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। ফলে বাংলাদেশের সামনে এখন অন্য ম্যাচের ফল গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে ভারত টানা তিন ম্যাচ জিতে সবার আগে গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশকে হারানোর আগে ভারত জাপানকে ৪৯-২৪ এবং দক্ষিণ কোরিয়াকে ৬৩-৩১ পয়েন্টে হারিয়েছিল।




















