জাতীয় দলের প্রাথমিক তালিকা থেকে ৬ ফুটবলার বাদ দিলেন কোচ ডুলি
- আপডেট সময় : ১১:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
আসিয়ান কাপের আগেই জাতীয় দলের প্রাথমিক তালিকা থেকে ৬ জন খেলোয়াড়কে বাদ দিয়েছেন কোচ থমাস ডুলি৷ অনুশীলনে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করে তাদের বাদ দেয়া হয়। এই তালিকায় রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ফুলব্যাক ইসা ফয়সাল, মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ, দেবজিৎ সরকার ও রাহুল।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ২৮ ফুটবলারকে নিয়ে শুরু হয়েছিল জাতীয় দলের প্রস্তুতি। পরে ক্যাম্পে যোগ দেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি ফুটবলার। তাদের পারফরম্যান্সও কাছ থেকে দেখেছেন ডুলি। সেখান থেকেই ছয়জনকে বাদ দেয়ার সিদ্ধান্ত এসেছে।
জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হয়। স্বাভাবিক সেই প্রক্রিয়ায় কোচ ইয়াসিদ তাহমিদ, দেবজিত সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল বাদ পড়েছেন। আরেকজনকে বাদ দেবেন আজকের অনুশীলনের পর। তবে ইন্দোনেশিয়ায় তিনি কয়জন নিয়ে যাবেন সেটা এখনও জানাননি।’
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর ডুলির অধীনে আবার দলে ফিরেছিলেন ইসা ফয়সাল। সান মারিনোর বিপক্ষে ডুলির প্রথম ম্যাচে শুরুর একাদশেও ছিলেন এই ফুলব্যাক। তবে আসিয়ান কাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা ধরে রাখতে পারেননি তিনি।
কাজেম শাহ ও তাজ উদ্দিনও ডুলির অধীনে সান মারিনো সফরের দলে ছিলেন। এবার তাঁদেরও বাদ পড়তে হয়েছে। আর প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার ক্যাম্পে নিজেদের প্রমাণের সুযোগ পেলেও কোচের মন জয় করতে পারেননি।
তবে বর্তমানে কিংস অ্যারেনায় অনুশীলন করা দলে নেই বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, সমিত সোম, তারিক কাজী ও ফাহামিদুল ইসলাম। জানা গেছে, আসিয়ান কাপ শুরুর আগেই তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
ইন্দোনেশিয়ায় আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে আসিয়ান কাপ। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল দেশ ছাড়বে ১৯ সেপ্টেম্বর। এর আগে আগামীকাল ঢাকায় স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।





















