গেরেথ বেলের দেশ ওয়েলসকে রুখে দিয়েছে বাংলাদেশের কিশোররা
- আপডেট সময় : ০৪:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
বিশ্বকাপ খেলুড়ে দেশ ওয়েলস। যে দেশের তারকা ফুটবলার গেরেথ বেলের কথা ফুটবল অনুরাগীদের অজানা নয়। আজ সেই গেরেথ বেলের উত্তর সুরিদের হারিয়ে দিয়েছেন হামজা চৌধুরীদের উত্তরসুরিরা। ফিফা আয়োজিত প্রথমবারের মতো আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হচ্ছে অনুর্ধ্ব ১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে। প্রথম ম্যাচেই দারুণ সূচনা করেছেন লাল-সবুজ এই ক্ষুদে প্রতিনিধিরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইউরোপের শক্তিশালী দল ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
শনিবার (২৪ অক্টোবর) বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে শারীরিক দিক থেকে এগিয়ে থাকা ওয়েলসের বেশ কয়েকটি আক্রমণ রুখে দিয়ে বাংলাদেশের গোলপোস্ট অক্ষত রাখেন গোলরক্ষক শ্রীনাথ সরদার। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পান তিনি।
ম্যাচ শেষে শ্রীনাথ বলেন, ‘শারীরিক গঠনে ওয়েলসের খেলোয়াড়রা আমাদের চেয়ে বেশ এগিয়ে। সেই তুলনায় দলের সবাই দারুণ লড়াই করেছে। ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়ে পোস্ট সুরক্ষিত রাখার চেষ্টা করেছি, লক্ষ্য থাকবে সামনের ম্যাচগুলোতেও ক্লিন শিট বজায় রাখার। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছি, দেশের মানুষের কাছে দোয়া চাই।’
তবে ড্র দিয়ে আসর শুরু করলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি প্রধান কোচ আকবর হোসেন রিদন। বাফুফের দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পারফরম্যান্সে আমি তেমন খুশি নই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তারা শারীরিক ও টেকনিক্যালি অনেক শক্তিশালী। বিশেষ করে আমরা বিল্ড আপে অনেক ভুল করেছি। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ আমরাই মিস করেছিলাম।’
বাংলাদেশ দল প্রতিযোগিতাটিতে ‘জি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই গ্রুপের অন্য দলগুলো হলো—পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলস। একই গ্রুপের অন্য ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পর্তুগাল।
আগামীকাল রোববার একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের কিশোররা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী পর্তুগাল এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার। এরপর আগামী ২৬ অক্টোবর গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে লড়াই করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ফিফার উদ্যোগে ১৯১টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই ঐতিহাসিক টুর্নামেন্টটি প্রচলিত প্রথার বাইরে ব্যতিক্রমী নিয়মে অনুষ্ঠিত হচ্ছে। ১১ জনের পরিবর্তে প্রতি দলে ৮ জন করে খেলছেন। ম্যাচ হচ্ছে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে। দুই অর্ধের প্রতিটি ২০ মিনিট করে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো হস্তান্তর করবেন।



















