আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
- আপডেট সময় : ০২:২৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৮ বার পড়া হয়েছে
মেসি-পরবর্তী যুগে নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লা আলবিসেলেস্তেদের নতুন নেতা হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এখন থেকে আর্জেন্টিনার আর্মব্যান্ড শোভা পাবে ২৮ বছর বয়সী এই সেন্টারব্যাকের হাতে।
বর্তমানে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা এই ডিফেন্ডার আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা। তার হাতে নেতৃত্ব তুলে দেয়ার পরিকল্পনা অবশ্য হঠাৎ নেয়া হয়নি। স্কালোনি ও তার কোচিং স্টাফ বেশ আগে থেকেই এ নিয়ে পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে।
এরই মধ্যে কয়েকটি ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও হয়েছে রোমেরোর। এবার সেই দায়িত্বই পেলেন স্থায়ীভাবে।
নতুন অধিনায়কের পাশে থাকবেন দলের অভিজ্ঞ খেলোয়াড়েরা। তাদের মধ্যে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের নাম সবার আগে আসছে। সহ-অধিনায়ক হিসেবে দিবু কিংবা নিকোলাস তাগলিয়াফিকোর নামও আলোচনায় রয়েছে।
মেসির দীর্ঘ ছায়া পেরিয়ে নতুন এক অধ্যায়ে পা রাখছে আর্জেন্টিনা। আর সেই অধ্যায়ের শুরুতেই নেতৃত্বের ভার উঠল রোমেরোর কাঁধে।



















