মেসিদের লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান
- আপডেট সময় : ০৭:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান নতুন রেকর্ড গড়েছেন। এমএলএসের ইতিহাসে প্রথম টিনেজার হিসেবে এবার টানা পাঁচ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে নতুন কীর্তি গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে।
রোববার (৬ সেপ্টেম্বর) সিএফ মন্ট্রিলের বিপক্ষে ফিলাডেলফিয়ার ২-০ গোলের জয়ে কাভান করেন দলের দ্বিতীয় গোলটি। ৫৭ মিনিটে ড্যানলে জিন জ্যাকেস গোল করে ফিলাডেলফিয়াকে এগিয়ে দেওয়ার পর ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বক্সের ভেতর সতীর্থের শট গোলরক্ষকের বাধায় ফিরে আসার পর দ্রুত বলের গতিপথ বুঝে জায়গা করে নেন কাভান। এরপর একাধিক প্রতিপক্ষের বাধা এড়িয়ে প্রথম শটেই বল জালে পাঠান তিনি।
এই গোলের পর চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে কাভানের গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটি। সঙ্গে আছে সাতটি অ্যাসিস্ট। অর্থাৎ চলতি মৌসুমে ১১টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।
এতেই ১৬ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল-অবদানের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন কাভান। এর আগে রেকর্ডটি ছিল সাবেক মার্কিন তারকা ফ্রেডি আদুর। ২০০৫ সালে ১৬ বছর বয়সে চার গোল ও ছয় অ্যাসিস্ট মিলিয়ে ১০টি গোলে অবদান রেখেছিলেন আদু।
এর আগে টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে রেকর্ড গড়েছিলেন কাভান। ১৬ বছর ৩৩৬ দিন বয়সে তিনি হয়েছিলেন এমএলএসের ইতিহাসে টানা চার ম্যাচে গোল-অবদান রাখা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। এবার সেই রেকর্ডের ধারাবাহিকতা আরও এক ম্যাচ বাড়িয়ে পাঁচে নিয়ে গেলেন তিনি।
কাভানের এই কীর্তিতে ফিলাডেলফিয়ার অপরাজিত থাকার ধারাও বেড়ে হয়েছে আট ম্যাচ। মাত্র ১৬ বছর বয়সেই এমন ধারাবাহিক পারফরম্যান্সে এমএলএসে কাভানকে ঘিরে প্রত্যাশাও ক্রমেই বাড়ছে।



















