এপ্রিল মাসে প্রবাসী আয় ৩৮ হাজার কোটি টাকার বেশি
- আপডেট সময় : ০৯:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ৫০ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহার ঘনিয়ে আসার সাথে সাথে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ ফের ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও ঈদকে সামনে রেখে পরিবারের অতিরিক্ত খরচ বিশেষ করে কোবরবানির প্রস্তুতি মেটাতে আগে থেকেই প্রবাসীরা অর্থ পাঠাচ্ছেন।
রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সর্বশেষ তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত এপ্রিল মাসে দেশে এসেছে ৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৩৬৮ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা ধরে)।
সংশ্লিষ্টদের মতে, ঈদুল আজহাকে ঘিরে বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে প্রবাসীরা তুলনামূলক বেশি অর্থ পাঠাচ্ছেন। এর ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে একটি স্বস্তিদায়ক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্যও ইতিবাচক।
তবে মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল আরও বেশি। ওই মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। তার আগে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ছিল ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। উল্লেখ্য, আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ২ হাজার ৪৫৪ কোটি মার্কিন ডলার।
তবে ধারাবাহিকভাবে এই প্রবৃদ্ধি বজায় থাকলে তা দেশের অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











