দেশে ৩৪ লাখ শিশুর হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু, সহায়তায় যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৭:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৪৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে চলমান হাম ও রুবেলার প্রাদুর্ভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় দেশব্যাপী বিশেষ ক্যাচ-আপ টিকাদান কার্যক্রমে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট সরকার।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ (UNICEF)-এর মাধ্যমে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’-এর আওতায় এই জীবনরক্ষাকারী সহায়তা প্রদান করা হচ্ছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচির অধীনে দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) ঢাকার বনানীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠে চলমান এই টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি প্রধান মিগেল মাতেও মুনিয়োজ এবং ইমিউনাইজেশন লিড ডা. রিয়াদ মাহমুদ।
কর্মসূচি পরিদর্শন শেষে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান টিকাদানে নিয়োজিত সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “সংক্রামক রোগের বিস্তার রোধ করে বাংলাদেশের শিশুদের জীবন রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্বাস্থ্য কৌশল অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ইতোমধ্যে প্রায় ২ কোটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত জানান, টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে এবং প্রাদুর্ভাব সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আগামী এক মাসের মধ্যে নতুন করে আরও ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে৷
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই ক্যাচ-আপ ক্যাম্পেইনের মাধ্যমে অতীতে বাদ পড়া ও ঝুঁকিতে থাকা শিশুদের চিহ্নিত করে দ্রুত টিকার আওতায় আনা হচ্ছে, যা দেশের সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় বড় অবদান রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।





















