কিয়েভে ফের রুশ হামলা, বিস্ফোরণে প্রাণ গেল ৩৭ জনের
- আপডেট সময় : ১০:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৬৮ বার পড়া হয়েছে
যুদ্ধের আগুন থেকে দূরে থাকার সুযোগ নেই কিয়েভের মানুষের—রাতভর ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে আবারও রক্তাক্ত ইউক্রেনের রাজধানীর আশপাশ।
শনিবার, ২৯ আগস্ট, কিয়েভের পশ্চিমে মিলা এলাকায় একটি অস্ত্র ও গোলাবারুদের গুদামে রুশ ড্রোন হামলার পর বড় ধরনের বিস্ফোরণ ঘটে। রয়টার্স জানায়, ঘটনায় অন্তত ৩৭ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের ৫০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ৩৮০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলার পর গুদামে থাকা বিস্ফোরক সামগ্রীতে বড় বিস্ফোরণ ঘটে। এ ধরনের সামরিক সরঞ্জাম আবাসিক এলাকার কাছে রাখা নিয়ে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল দূরপাল্লার ড্রোন ও অস্ত্র-সংক্রান্ত স্থাপনা।
অ্যাসোসিয়েটেড প্রেস (AP) জানিয়েছে, নিহতদের মধ্যে একটি বৃদ্ধ ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রে থাকা ৩৪ জনও রয়েছেন। একই সময়ে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।























