বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, না খেলেই এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় : ০১:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৯ বার পড়া হয়েছে
আইচি- নাগোয়া গেমসের টানা দুদিন মাঠে গড়ায়নি ক্রিকেট৷ বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ৷ পুরুষ ক্রিকেটা্ররা এখনো মাঠে নামতে পারেনি৷ নিশিন করোগো স্পোর্টস গ্রাউন্ড এখনো পরখ করার সুযোগ মিলেনি তাদের৷ ম্যাচ পরিত্যক্ত৷ অবশ্য ক্রিকেটাররা মাঠে নামতে না পারলেও রেজাল্ট বাংলাদেশের অনুকুলেই চলে এসেছে, গেমস বাইলজের নিয়মকানুনে৷ সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে বাংলাদেশ দল। শেষ চারে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ক্রিকেটের পরাশক্তি পাকিস্তান।
আজ (মঙ্গলবার) বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচটি ঘিরে সকাল থেকেই ছিল বৃষ্টির শঙ্কা। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়। টানা বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় আম্পায়াররা ম্যাচটি শুরু করা সম্ভব নয় বলে জানান এবং শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে ক্রিকেটারদের মাঠে না নেমেই সেমিফাইনালে যাওয়ার আনন্দ নিয়ে মাঠ ছাড়তে হয়।
অবশ্য শুধু বাংলাদেশ নয়, বৃষ্টির এই অদ্ভুত ভাগ্য সঙ্গী হয়েছে টুর্নামেন্টের বাকি শীর্ষ দলগুলোরও। প্রতিকূল আবহাওয়ার কারণে পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোও মাঠে গড়াতে পারেনি। ফলে চার পরাশক্তি দলই কোনো ম্যাচ না খেলে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
আগামী ১ অক্টোবর নিশিনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ- পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ প্রথম সেমিফাইনাল ম্যাচটি। এই ম্যাচে জিততে পারলেই ফাইনাল৷ অর্থাৎ সোনার পদকের জন্য লড়াই৷
একই দিন অন্য সেমিফাইনালে মুখোমখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও শ্রীলঙ্কা। দুই সেমিফাইনালের বিজয়ী দল পরবর্তীতে স্বর্ণপদকের লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলেও সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে চোখ রাখছে বাংলাদেশ দল।





















