রাশিয়ার সঙ্গে যুদ্ধের ইতি টানতে চান জেলেনস্কি
- আপডেট সময় : ০১:৩৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ২২১ বার পড়া হয়েছে
অবশেষে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানার বিষয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার তিনি বলেন, ‘রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি শক্তির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।’ ভবিষ্যতে যাতে এ ধরনের সংঘাত এড়ানো যায়, সেজন্যও কূটনৈতিক তৎপরতা জরুরি বলে মত দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব কথা বলেছেন। তিনি বলেন, ‘একটি স্পষ্ট বোঝাপাড়া ছাড়া কূটনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব নয়। শুধু অস্ত্র দিয়েই কাজ হবে না। এজন্য শক্তি এবং কূটনৈতিক তৎপরতা এক সঙ্গে চালিয়ে যেতে হবে।’
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতাকেই দীর্ঘস্থায়ী সমাধানের পথ বলে অভিহিত করেছেন জেলেনস্কি। এ সময় তিনি ন্যায্যভাবে ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর আহ্বান জানান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার জন্য সহযোগিতা চেয়ে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের দুয়ার সব সময় আদর্শিক কূটনীতির জন্য উন্মুক্ত।’
তবে একই সময়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি অস্ত্র সরবরাহেরও আহ্বান জানান জেলেনস্কি।
মাত্র পাঁচ দিন আগে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় পালাবদল ঘটেছে। প্রেসিডেন্ট হয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এর আগে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন দু হাত উজাড় করে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সহায়তা দিয়েছেন। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন নীতি কী হবে, তিনি বাইডেনের সহায়তাগুলো অব্যাহত রাখবেন কী না, এসব নিয়ে ইউক্রেনের ওপর নজর রয়েছে গোটা বিশ্বের।
এমন পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার দিকে জোর দিলেন ভলোদিমির জেলেনস্কি।























