এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স
- আপডেট সময় : ০৬:৩৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ৭০ বার পড়া হয়েছে
কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো ফ্রান্স৷
তবে ফিলাডেলফিয়ার প্রচণ্ড গরমে অনুষ্ঠিত এই ম্যাচে লাতিন আমেরিকান দলটির জমাট রক্ষণ,গোল রক্ষকের দূর্দান্ত সব প্রতিরোধ ভাঙতে ফরাসিদের বেশ বেগ পেতে হয়েছিল৷
যদিও শেষ পর্যন্ত ফরাসি অধিনায়কের চাবুক শটে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা৷ ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে আক্রমণের পসরা সাজায় ফ্রান্স৷
উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেরা প্যারাগুয়ের বক্সে অনবরত চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পাচ্ছিলেন না। প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ সময় বলের দখল ফরাসিদের পায়ে থাকলেও প্যারাগুয়ের সুসংগঠিত রক্ষণভাগ তাদের সব প্রচেষ্টা নসাৎ করে দেয়৷
প্রথমার্ধের ৩৬ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মাঠেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ তবে রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় কোনো বড় শাস্তি ছাড়াই প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়৷
বিরতি থেকে ফিরেও ম্যাচের চিত্র বদলায়নি৷ তবে ম্যাচের ভাগ্য পরিবর্ফতন হয় ফরাসি কোচ দেশম বদলি খেলোয়াড় হিসেবে দেজিরে দুয়েকে মাঠে নামানোর পর।
৭০তম মিনিটে দুর্দান্ত ড্রিবলিংয়ে প্যারাগুয়ের বক্সে ঢুকে পড়া দুয়েকে অবৈধভাবে ফাউল করেন প্রতিপক্ষের মিডফিল্ডার ডিয়েগো গোমেজ। শুরুতে রেফারি পেনাল্টির বাঁশি না দিলেও পরবর্তীতে ভিএআর (VAR) মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন৷ স্পট কিক থেকে অত্যন্ত ঠাণ্ডা মাথায় গোলরক্ষক অরল্যান্ডো গিলকে পরাস্ত করে বল জালে জড়ান অধিনায়ক এমবাপ্পে৷
তার এই গোলটি দলের বিজয়ের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের পাতায়ও ঠাই করে নেয়৷ চলতি বিশ্বকাপে নিজের সপ্তম গোলটি করে এমবাপ্পে চলমান আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসির পাশে থাকলেন। এমন কি, বিশ্বকাপের ইতিহাসে নিজের ক্যারিয়ারের ১৮তম গোল করে বিশ্বরেকর্ডের আরও কাছে পৌঁছে গেলেন এই ফরাসি ফরোয়ার্ড৷ ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করা ফরাসি তারকা ২০২৬ আসরেও বড় মঞ্চে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন।
প্যারাগুয়ের বিশ্বকাপ শেষ হলেও মাথা উঁচু করেই বিদায় নিয়েছে৷ জার্মানিকে পেনাল্টি শুটআউটে হারিয়ে শেষ ষোলোয় ওঠা দলটি ফ্রান্সকেও সহজে এগোতে দেয়নি। গিলের সেভ, রক্ষণভাগের দৃঢ়তা এবং শেষ পর্যন্ত লড়াই, সব মিলিয়ে আলফারোর দল বিশ্বকাপে নিজেদের ছাপ রেখেছে৷
ফ্রান্সের সামনে এবার মরক্কো৷ সেমিফাইনালে উঠার লড়াইয়ে আগামী সপ্তাহে কোয়ার্টার ফাইনালে এই দুদল মুখোমুখি হবে৷
কানাডাকে ৩-০ গোলে হারিয়ে আগে থেকেই কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করছে আটলাস লায়নরা। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের পর এবার শেষ আটে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো।
















