বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান
- আপডেট সময় : ১২:২১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৪২ বার পড়া হয়েছে
স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান বলেন, ‘তিনি শুধু বড় পর্দার মানুষ ছিলেন না, ছিলেন আমাদের গ্রামের গর্ব। এলাকায় এলেই সবার সঙ্গে সাধারণ মানুষের মতো মিশতেন।’
‘নসীব’ সিনেমার প্রোডাকশন ম্যানেজার শরিফুল ইসলাম জানান, অভিনয়ের টানে গত বুধবার বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়ে সহকর্মীদের হাসি-আনন্দে মাতিয়ে রেখেছিলেন তিনি। তবে মঙ্গলবার সকালে শুটিংয়ে অংশ নেয়ার আগে হোটেল মম ইনের ফ্লোরে অসুস্থ হয়ে পড়ে যান এই অভিনেতা। পরে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি নিজ এলাকা ধামরাইয়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।






















