বিশ্বজুড়ে বাড়ছে মুসলমানদের সংখ্যা, আগামী দশ বছরে ছাড়িয়ে যাবে খ্রিস্টানদের
- আপডেট সময় : ০৭:১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৪৮ বার পড়া হয়েছে
আগামী দশ বছরের মধ্যে বিশ্বজুড়ে মুসলমানদের সংখ্যা খ্রিস্টানদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে৷ পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, উভয় ধর্মের অনুসারীদের সংখ্যাই বাড়তে থাকবে। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলমানদের সংখ্যা ৮০ শতাংশ বেড়ে ২০২ কোটি থেকে বেড়ে ৩৬৪ কোটিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, খ্রিস্টানদের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটি দাঁড়াবে, যা মোটামুটি বিশ্ব জনসংখ্যার বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ৷
অন্য যেকোনো বড় ধর্মীয় গোষ্ঠীর তুলনায় মুসলমানদের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। হিন্দু ও ইহুদিদের সংখ্যা বিশ্ব জনসংখ্যার বৃদ্ধির হারের তুলনায় ধীরগতিতে বাড়বে; অন্যদিকে, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের অনুসারী নয় এমন মানুষের সংখ্যা হ্রাস পাবে বলে অনুমান করছে পিউ রিসার্চ। এর প্রধান কারণ হলো জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের ক্ষেত্রে গড় সন্তান জন্মের হার ছিল ৩ দশমিক ১, যেখানে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ছিল ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মের নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬। একটি জনগোষ্ঠীর জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রতি নারীর বিপরীতে গড়ে প্রায় ২ দশমিক ১ সন্তানের প্রয়োজন হয়।
জন্ম ও মৃত্যুর পার্থক্যের হিসাব অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলমানদের সংখ্যা ১৬০ কোটি এবং খ্রিস্টানদের সংখ্যা ৭৯ কোটি ২০ লাখ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
কোন দেশগুলোতে সবচেয়ে বেশি মুসলিম থাকবে?
জনসংখ্যা বৃদ্ধির সিংহভাগই ঘটবে এমন দেশগুলোতে, যেখানে মুসলমানরা ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৩টি দেশে ২০৭০ সাল নাগাদ ১২০ কোটি মুসলিম বাড়বে বলে আশা করা হচ্ছে, যা বিশ্বব্যাপী মোট বৃদ্ধির ৭৪ শতাংশ।
২০২০ সালে ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী ছিল, যার সংখ্যা ছিল ২৩ কোটি ৯০ লাখ। পাকিস্তান ইন্দোনেশিয়ার চেয়ে মাত্র ১ কোটি ২০ লাখ জনে পিছিয়ে আছে। তবে দেশটি ভবিষ্যতে তালিকার শীর্ষে উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। পিউ রিসার্চের প্রতিবেদনে, ২০২০ সালের সঙ্গে ২০৭০ সালের তুলনা করা হয়েছে; তাই ঠিক কোন সময়ে এই পরিবর্তন ঘটবে তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও পাকিস্তানের মুসলিম জনসংখ্যা বেড়ে দ্বিগুণ ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাবে এবং ইন্দোনেশিয়ার মুসলিম জনসংখ্যা ১৫ শতাংশ বৃদ্ধি পাবে। এই হিসাব থেকে বোঝা যায়, ২০৭০ সালের অনেক আগেই এই রদবদল ঘটে যেতে পারে।
২০৭০ সাল নাগাদ ভারতের মুসলিম জনসংখ্যা ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৩ কোটি ৪০ লাখ পৌঁছাবে, যার ফলে দেশটি তৃতীয় স্থান থেকে দ্বিতীয় অবস্থানে উঠে আসবে। নাইজেরিয়া পঞ্চম স্থান থেকে তৃতীয় অবস্থানে উঠে আসবে; তাদের মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ২৮ কোটি ২০ লাখে দাঁড়াবে এবং এর ফলে ইন্দোনেশিয়া চতুর্থ অবস্থানে নেমে যাবে।
২০৭০ সালে শীর্ষ ১০টি দেশের মধ্যে চারটিই থাকবে আফ্রিকায়—নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান। ইরান ও আলজেরিয়ার পরিবর্তে ইথিওপিয়া এবং আফগানিস্তান এই তালিকায় যুক্ত হবে। এ ছাড়া সুদানের মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাবে, যা তুরস্কের মুসলিম জনসংখ্যার চেয়ে বেশি হবে।
২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করে পিউ রিসার্চ এই অনুমানটি করেছে। বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষ বসবাস করে এই ২০১টি দেশ ও অঞ্চলে। জন্মহার, মৃত্যুহার এবং ধর্ম পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকবে, এমন অনুমানের ওপর ভিত্তি করে এই হিসাবটি করা হয়েছে। তবে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অর্থনৈতিক পরিবর্তনের মতো পরিস্থিতির কারণে এই পরিসংখ্যানে পরিবর্তন আসতে পারে।

























