শিক্ষার্থীদের পড়া-লেখার পাশাপাশি যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহবান জানালেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ৪৭ বার পড়া হয়েছে
ঢাকাকে পরিচ্ছন্ন রাখা ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে। একই সঙ্গে প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে।
বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’
প্রধানমন্ত্রী বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তারা সংসদ অধিবেশনও প্রত্যক্ষ করেন।
সংসদ ভবন পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন ও সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।























