পদক যুদ্ধে লাল-সবুজ পতাকায় কেবলই হতাশার চিত্র, দুই জয়ে কাবাডিতে আলো ঝলমল
- আপডেট সময় : ১০:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৪ বার পড়া হয়েছে
এশিয়ান গেমসের তৃতীয় দিনে পদক তালিকায় পাকিস্তানও নাম লিখিয়েছে। পারেনি শুধু বাংলাদেশ। ১৮৭ ক্রীড়াবিদ দলের বিশাল বহরে আছে কেবলই হতাশার চিত্র। দিনভর হতাশার মাঝে ফুটবলারদের ড্র নিয়ে বিদায়ে ছিলো কিছুটা আত্মতৃপ্তি। এছাড়া কাবাডিতেও আশার আলো জাগিয়ে উঠছে। সকাল এবং বিকাল দুই সেশনে দুই জয় নিশ্চিত করে বাংলাদেশ কাবাডি দল। সকালে দক্ষিণ কোরিয়াকে এবং বিকালে চাইনিজ তাইপেকে পরাজিত করে লাল-সবুজ পতাকাধারীরা। তবে কাবাডির সাফল্যের দিনে কারাতে, শুটিং, জিমন্যাস্টিক্স, সাঁতার, উশু, টেবিল টেনিস, নারী হকি ও ব্যাডমিন্টনে ছিলো কেবলই হতাশা।
জার্সি নিয়ে আলোচনায় আসা ব্যাডমিন্টন দল আজ দলীয় বিভাগে অংশ নিয়েছে। ভারতের বিপক্ষে তারা কুলিয়ে উঠতে পারেনি। হেরে যায় ৩-০ ব্যবধানে। বাংলাদেশের শাটলার আয়মান ইবনে জামান ইউনেক্সের সঙ্গে আলাপ করে নতুন জার্সির ব্যবস্থা করেন। এজন্য তাকে কোনো খরচ দিতে হবে কি না, সেটি এখনো নিশ্চিত হয়নি।
ইচিনোমিয়া সিটি জিমনেশিয়ামে ব্যাডমিন্টনের এককের লড়াইয়ে ভারতের লক্ষা সেনের কাছে আয়মান ইবনে জামান, আইয়ুশ শেঠীর কাছে গৌরব সিংহ এবং আল আমিন জুমার হেরেছেন।
দ্বৈতের লড়াইয়ে আয়মান ইবনে জামান ও গৌরব সিংহ জুটি বেঁধে কোর্টে নামার কথা ছিল হরিহরন আমসাকারুনান ও অর্জুন রামচন্দ্রানের বিপক্ষে। অন্যদিকে, আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটি লড়ার কথা ছিল সাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠীর বিপক্ষে। তবে তিন শাটলারই সিঙ্গেলসে সরাসরি সেটে হেরে যাওয়ায় ডাবলসের লড়াইয়ে নামতে হয়নি।
কারাতের ছেলেদের ৬৭ কেজি ওজন বিভাগের কুমিতে মনিরুল ইসলাম ৮-৩ পয়েন্টের ব্যবধানে হেরেছেন কাতারের ইয়ামান আলনাতশেহরের কাছে। নারীদের ৬১ কেজি কুমিতে হুমায়রা আক্তার অন্তরা ৯-১ পয়েন্টের বড় ব্যবধানে হেরেছেন কাজাখস্তানের কানায় আসেলের কাছে।
টেবিল টেনিসের নারীদের দলগত লড়াইয়ে উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কং কুম-কিমের কাছে সামান্তা তুশি, সং পিয়নের কাছে সোনাম সুলতানা সোমা এবং ইম জং চোর কাছে নওরীন মাহী হেরেছেন। সবগুলো ম্যাচের ব্যবধান ছিল ৩-০।
শুটিংয়ের ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে যেতে পারেননি বাংলাদেশের তিন প্রতিযোগীর কেউই। ৬২৩ দশমিক ৯ স্কোর করে অর্ণব শারার লাদিফ ২৫তম, ৬২২ দশমিক ৩ স্কোর করে রবিউল ইসলাম ৩১তম এবং ৬২১ দশমিক ৩ স্কোর করে রাব্বি হাসান মুন্না ৩২তম স্থান পেয়েছেন। ইভেন্টে অংশ নিয়েছিলেন ৪৬ প্রতিযোগী।
টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে মোহাম্মদ ইসলাম ২৪.৩৮ সেকেন্ড সময় নিয়ে দুই নম্বর হিটে ১০ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন।
উশুর ছেলেদের তাইজিয়াকুয়ান ও তাজিজিয়ান ইভেন্টে ১৫ প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের রুদ্র বিপ্লব ৯ দশমিক ০৫৩ পয়েন্ট স্কোর করে তলানিতে ছিলেন।
নারী হকিতে বাংলাদেশ মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরেছে। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে বাংলাদেশের হারের ব্যবধান ছিল ১৩-০। বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলছে। এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র জিমন্যাস্ট হিসেবে কোয়ালিফাই করেছেন রাজীব চাকমা। তবে আজ তিনি ভালো করতে পারেননি।
বাংলাদেশের ক্রীড়াবিদদের হতাশার চিত্র যখন ভেসে উঠছে তখন চীন ক্রমাগত জিতেই চলেছে একের পর এক পদক। পদক তালিকায় এক নাম্বার অবস্থানটি তাদের আরো মজবুত হয়ে উঠছে।
ভারতীয় ক্রীড়াবিদরা এদিনও চমক দেখিয়েছেন। আজ তারা মেডেল তালিকায় আরো ৪টি পদক যুক্ত করেছে। দু’দিনে তাদের মোট ৬টি পদক জেতা হয়েছে।
গেমসের তৃতীয় দিন তথা পদক যুদ্ধের দ্বিতীয় দিনেও শীর্ষে রয়েছে চীন। তাদের ঝুড়িতে জমা পড়েছে ৩৮টি পদক। অর্থাৎ এদিন ১২াট পদক জিতেছে চীনা ক্রীড়াবিদরা। যার মধ্যে ছিলো ছয়টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্চ পদক। ৩২টি পদক জিতে জাপান রয়েছে দ্বিতীয় স্থানে,২৩টি পদক জিতে তৃতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া।

পদক যুদ্ধ (২য় দিন)
নাম স্বর্ন রৌপ্য তাম্র মোট
চীন ২৩ ১০ ০৫ ৩৮
জাপান ০ ৮ ১২ ১২ ৩২
দক্ষিণ কোরিয়া ০৫ ০৩ ১৫ ২৩
তাজাকাস্তান ০৪ ০১ ০৩ ০৮
থাইল্যান্ড ০৩ ০১ ০০ ০৪
হংকং চায়না ০২ ০৩ ০৩ ০৮
চাইনিজ তাইপে ০১ ০৩ ০২ ০৬
ম্যাকাও চায়না ০১ ০৩ ০০ ০৪
মিয়ানমার ০১ ০১ ০১ ০৩
উজবেকিস্তান ০১ ০১ ০১ ০৩
কুয়েত ০১ ০০ ০২ ০৩
ভারত ০০ ০৪ ০২ ০৬
ইন্দোনেশিয়া ০০ ০১ ০৬ ০৭
ইরাক ০০ ০১ ০২ ০৩
জর্দান ০০ ০১ ০১ ০২
লেবানন ০০ ০১ ০১ ০২
সিঙ্গাপুর ০০ ০১ ০১ ০২
কাতার ০০ ০১ ০০ ০১



















