অস্ট্রেলিয়ার মাটিতে টাইগ্রেসদের ঐতিহাসিক মিশন: প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় : ১০:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
প্রথম সবকিছুই ঐতিহাসিক। বাংলাদেশ নারী ক্রিকেট দলও তাই পা রাখতে যাচ্ছে এক নতুন ইতিহাসে। ওয়ানডে ক্রিকেটে টাইগ্রেসদের পথচলা বেশ কিছুদিনের হলেও, এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) মাঠে নামবে বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
তবে টাইগ্রেস সমর্থকদের জন্য কিছুটা মন খারাপের খবর হলো, বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে এই ঐতিহাসিক ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। ফলে খেলা দেখতে সমর্থকদের চোখ রাখতে হবে অনলাইন মাধ্যমে। স্পোর্টসজিফাই, ক্রীড়া টিভি কিংবা ক্রিক পিকের মতো থার্ড-পার্টি অ্যাপে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে।
শক্তির বিচারে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের লড়াইটা বেশ অসম। সামর্থ্য, র্যাংকিং ও অতীত ইতিহাসে দুই দলের ব্যবধান আকাশ-পাতাল। ওয়ানডে ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা অস্ট্রেলিয়া নারী দল বিশ্বকাপের সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়ন এবং বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ দল। অন্যদিকে, বাংলাদেশ অবস্থান করছে র্যাংকিংয়ের ৭ নম্বরে।
পরিসংখ্যানও কথা বলছে স্বাগতিকদের পক্ষে। এখন পর্যন্ত ওয়ানডেতে পাঁচবার মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে অজি নারীরা। সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসেও তারা ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজেও অস্ট্রেলিয়া ৩ ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে এবং বাংলাদেশ ৩ ম্যাচে ১টি জিতে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে রয়েছে।
তবে কঠিন কন্ডিশন ও শক্তিশালী প্রতিপক্ষ হলেও স্বাগতিকদের চমকে দিতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের দল হিসেবে খেলতে হবে। আমরা বিশ্বাস করি, দল হিসেবে একটি ইউনিট হয়ে পারফর্ম করতে পারলে যেকোনো দলকে চমকে দেওয়া সম্ভব।”
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সি কন্ডিশন বরাবরই এশীয় দলগুলোর জন্য বড় পরীক্ষা। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কয়েক দিন আগেই অস্ট্রেলিয়া গিয়ে প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন সেরেছে টাইগ্রেসরা। উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা নিয়ে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করেছেন জানিয়ে জ্যোতি বলেন, “এখানে একেবারেই ভিন্ন কন্ডিশন। আমরা চেষ্টা করছি নিজেদের সেভাবেই প্রস্তুত করার। আমরা ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছি।”
সব সমীকরণ একপাশে রেখে ব্রিসবেনে এক নতুন ভোরের অপেক্ষায় দেশের ক্রিকেটপ্রেমীরা। বিশ্বসেরাদের ডেরায় জ্যোতি-নাহিদারা কেমন প্রতিরোধ গড়তে পারেন, এখন সেটাই দেখার বিষয়।





















