হালান্ডের বিতর্কিত গোলের জেরে ভুল সিদ্ধান্তে শাস্তি পেলেন দুই ভিএআর কর্মকর্তা
- আপডেট সময় : ১২:০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
ম্যানচেস্টার ডার্বিতে আর্লিং হালান্ডের বিতর্কিত গোল নিয়ে সমালোচনার পর বড় শাস্তির মুখে পড়েছেন ম্যাচ পরিচালনায় দায়িত্বে থাকা দুই ভিডিও সহকারী রেফারি (ভিএআর) কর্মকর্তা। ভুল সিদ্ধান্ত দিয়ে নিজেদের দায় স্বীকার করেছেন প্রো রেফ। যে কারণে তাদের পরের ম্যাচ থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের একমাত্র গোলটি বৈধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রিমিয়ার লিগ ম্যাচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভিএআর দলের দুই কর্মকর্তাকে।
ভিএআরের দায়িত্বে থাকা প্রধান ভিডিও সহকারী রেফারি ম্যাট ডনোহুকে আগামী সপ্তাহের প্রিমিয়ার লিগ ম্যাচে দায়িত্ব দেওয়া হয়নি। এমনকি মাঝ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া কারাবাও কাপের ম্যাচেও থাকছেন না তিনি।
সহকারী ভিএআর ব্লেক অ্যান্ট্রোপাসকেও ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সপ্তাহজুড়ে রেফারিং নিয়ে ব্যাপক বিতর্কের পর প্রো রেফের পক্ষ থেকে এটিকে গুরুত্বপূর্ণ শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ম্যাচ শেষে প্রো রেফ নিশ্চিত করেছে, ম্যানচেস্টার সিটির জয়ের একমাত্র গোলটি পর্যালোচনার সময় ভিএআর কর্মকর্তাদের পক্ষ থেকে ‘বিচারিক ভুল’ হয়েছিল। ৩৭ বছর বয়সী ডনোহু চলতি মৌসুমে নিয়মিত ভিএআর হাবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ব্রাইটনের বিপক্ষে অ্যাস্টন ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচ এবং নিউক্যাসল-বর্নমাউথ ম্যাচেও ভিডিও রিভিউয়ের দায়িত্বে ছিলেন তিনি।
দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রো রেফের প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব ও তার নির্বাহী দল। আসন্ন আন্তর্জাতিক বিরতি শেষ না হওয়া পর্যন্ত শীর্ষ পর্যায়ের ফুটবলে দায়িত্বে ফিরতে পারবেন না তারা।
বিতর্কের সূত্রপাত, ওল্ড ট্র্যাফোর্ডের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে। মাঠে প্রথমে অফসাইডের কারণে হালান্ডের গোল বাতিল করেছিলেন সহকারী রেফারি। নরওয়েজিয়ান স্ট্রাইকার তখন প্যাট্রিক দোরগুর সামনে অবস্থান করছিলেন। একই সময়ে এনজো ফার্নান্দেজ অফসাইড অবস্থান থেকে ক্রস ঠেকানোর চেষ্টা করছিলেন। তবে ভিএআর ইউনিট মাঠের সিদ্ধান্ত পরিবর্তন করে গোলটি বৈধ ঘোষণা করে।
ঘটনাটি নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে প্রো রেফ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ক্লাবটির কাছে নিজেদের ভুলের কথা স্বীকার করেছে এবং ঘটনাটি নিয়ে পর্যালোচনা করা হবে।






















