বিপিএলে ফিক্সিং খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- আপডেট সময় : ০২:১৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৯০ বার পড়া হয়েছে
প্রতিশ্রুতির সাথে এবারের বিপিএলে রয়েছে বিস্তর ফারাক। আসরটি জড়িয়ে পড়েছে নানা বিতর্কে। একের পর এক অপবাদ লেগেই চলেছে। পারিশ্রমিক যেখানে সবচে বড় ইস্যু। এবার সেখানে যুক্ত হয়েছে সন্দেহাতীত পারফরম্যান্স। যা নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও বেশ সচেতন।
শনিবার রাতে বিপিএলে ফিক্সিং ইস্যুতে কথা বলেছেন। সেখানে গণমাধ্যম কর্মীদের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন ফিক্সিং তদন্তে সরকারি সহায়তার।
তিনি বলেন, ‘এনএসসি থেকে একটা সত্য অনুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে। এবং ফিক্সিংয়ের যে অভিযোগটা এসেছে সেটার ভিত্তিতে বিসিবি একটি স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার অনুসন্ধান করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে যা সহযোগিতা করা যায় আমরা বিসিবিকে করব। যত দ্রুত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর অ্যাড্রেস করছি।’
এছাড়া এদিন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা কথা বলেছেন খেলোয়াড়দের বেতন বকেয়া ইস্যুতে। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’





















