অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না- সরকার কখনই এটা হতে দেবে না। বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারিভাবে আর্থিক সহায়তা দিয়ে নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে সংসদ সদস্য বানিয়ে মন্ত্রিত্ব হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আজ আপনাদের সব কথা শোনার জন্য আপনাদের কাছে এসেছি। তিনি বলেন, আপনারা যারা বিএনপির একনিষ্ঠ কর্মী রয়েছেন, তারা প্রত্যেকেই দলের জন্য অনেক ত্যাগের মাধ্যমে কাজ করে যাচ্ছেন।
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, দেশের তৃণমূল পর্যায়ে পাড়া-মহল্লা ও প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপির কর্মী সংখ্যা বাড়াতে হবে। যোগ্য লোকদের বিএনপির কর্মী হিসেবে দলে যুক্ত করতে হবে। বিএনপি একা চলার দল নয়। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে বিএনপির পতাকাতলে নিয়ে আসার নাম হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি।
সমাজকল্যাণ মন্ত্রী প্রত্যেক নেতাকর্মীকে সহনশীল আচরণের মাধ্যমে দলের ভাবমূর্তি ঊর্ধ্বে রাখার আহ্বান জানান। তিনি বলেন, গ্রাম-গঞ্জের যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, আপনারা তাদের চিহ্নিত করুন এবং তাদের পাশে গিয়ে দাঁড়ান। সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে বলে তিনি ঘোষণা দেন।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, অসুস্থ রোগীকে চিকিৎসাসেবার জন্য সহযোগিতা করবে সরকার।
আয়োজিত কর্মী সম্মেলনে জেলার হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















