ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণাকে কেন্দ্র করে সরকার কোনো ধরনের চাপে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা ‘আসবো, আসবো’ বলে আর কত দিন পার করবেন, এসব বিষয়ে সরকারের কোনো মনোযোগ নেই। তবে আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সব সময় সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো চাপে নেই বলে তিনি উল্লেখ করেন।
আওয়ামী লীগের বিচার ও প্রত্যর্পণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তবে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত এই গোষ্ঠীকে সরকার আগেই একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে এবং রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষ তাদের আর কোনো স্বীকৃতি দেবে না। চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার পর দেশ থেকে বিতাড়িত এই শক্তির আর কখনোই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি বলেন, ইতিহাসে এ ধরনের অপশক্তি ও ফ্যাসিস্ট গোষ্ঠী বিতাড়িত হওয়ার পর আর কখনোই গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারেনি।
সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক নেতাদের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, তারা কেবল প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরতে পারেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক চ্যানেলে ইতোমধ্যেই আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশও বিষয়টি আইনানুগভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আমরা আগেও বলেছি যে গণহত্যা চালিয়ে যে সমস্ত অপশক্তি, মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী, অগণতান্ত্রিক শক্তি দেশ থেকে বিতাড়িত হয়েছে; পৃথিবীর ইতিহাসে এ রকম আরও দুএকটি ঘটনা আছে, জার্মানির নাৎসি বাহিনীর মতো, তারা আর কখনো রাজনীতি করতে পারেনি।
তিনি আরও বলেন, আমি মহান জাতীয় সংসদেও বলেছি এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট গোষ্ঠী এবং ফ্যাসিবাদী মাফিয়া শক্তি কখনোই আর বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবে না, রাজনীতি করতে পারবে না, গণতান্ত্রিক আচরণ বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না। সেই আচরণ তাদের মধ্যে কখনো ছিল না। এখন তারা প্রত্যাবর্তন করতে পারে প্রত্যর্পণ চুক্তি অনুসারে, আমরা সংশ্লিষ্ট দেশে আমাদের কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই পত্র দিয়েছি। তারাও আইনানুগভাবে সেটা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেবেন বলে বক্তব্য দিয়েছেন।
কিছু পুলিশ কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে রয়েছেন এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।