সেঞ্চুরিয়ান টেস্টে দাঁড়াতেই পারলো না বাংলাদেশ, হারলো ইনিংস ও ২১৯ রানে
- আপডেট সময় : ০৭:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৪২ বার পড়া হয়েছে
দ্বিতীয় দিনেই সেঞ্চুরিয়ান টেস্টের কবর রচনা হয়ে গিয়েছিল টাইগারদের৷ আজ অপেক্ষাটা ছিল সময়ের৷ প্রোটিয়াদের পাহাড়সম রানের পিছনে দৌড়াতে গিয়ে বাংলাদেশের টিকে থাকার সক্ষমতা নিয়েই জেগে উঠেছিল শঙ্কা৷ ৪০৩ রানের লীড অতিক্রম করতে হলে রান সংগ্রহ করাই শুধু নয়, সারাদিন উইকেট আগলে রাখাটাও হয়ে উঠেছিল বড় চ্যালেঞ্জ৷ কঠিন এই পথে ছুটতে গিয়ে বাংলাদেশের ব্যাটাররা পারেন নি কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে৷ তবে বলার মতো এ টুকুই শুধু- প্রথম ইনিংসের ন্যায় একশত রানের নিচে আউট হতে হয়নি শান্তদের৷ তৃতীয় দিনের অর্ধবেলায় মাত্র ৪৯.৪ ওভারে গুড়িয়ে যায় ইনিংস, ১৮৪ রানে৷ ফলে আড়াই দিনেই ইনিংস ও ২১৯ রানে পরাজয়ে সিরিজও খোঁয়ালো চরমভাবে৷ দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হলো নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ৷
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে যেন একাই গুড়িয়ে দিলেন উইয়ান মুল্ডার। তার বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের ব্যাটাররা। একাই শিকার করেছেন ৭ উইকেট। যার মধ্যে চারটিই ছিল বোল্ড আউট। বাকি ৩টি উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন। এর আগে সেঞ্চুরিও করেছিলেন মুল্ডার।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। চলতি সিরিজে প্রথমবার উদ্বোধনী জুটিতে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েছিলেন তানজিদ হাসান তামিম আর মাহফিজুল ইসলাম রবিন। তবে উদ্বোধনী জুটি ভাঙতেই আসল রূপ বেড়িয়ে আসে বাংলাদেশের। একের পর এক ব্যাটাররা লম্বা করেন যাওয়া-আসার মিছিল।
ইনিংসের ভিত্তি গড়তে নেমে শুরু থেকেই কিছুটা নড়বড়ে লাগছিল তামিমকে। কয়েকবার জীবনও পেয়েছিলেন তিনি। কিন্তু সেটিকে কাজে লাগাতে পারেননি। ইনিংসের ১৫তম ওভারে উইয়ান মুল্ডারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম (৪৮ বলে ২৯)। অনেকটা নিজেকে আত্মহুতিই দিয়েছেন তিনি। অফস্ট্যাম্পের অনেকটা বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন তিনি।
এরপর ব্যাটিংয়ে দলকে আরেকবার হতাশায় ডোবান অভিজ্ঞ মুমিনুল হক। ৫ বল কেলে কোনো রান না করেই তিনিও শিকার হন মুল্ডারের। ক্যাচ দেন সেই উইকেটের পেছনেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ইনিংসেই ব্যর্থ তিনি। ০, ১, ১৮ ও ০– রানে শেষ করলেন দক্ষিণ আফ্রিকা সফর।
এরপর আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিনও বেশি সময় উইকেটে টিকে থাকেত পারেননি। ৬২ বলে ৩৮ রান করে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। রিভিউ নিলেও আউট হয়েছেন আম্পায়র্স কলে। এতে ১০০ রানের আগেই ৩ উইকেট হারিয়ে বিপদ বাড়ে বাংলাদেশের।
সেখান থেকে চতুর্থ উইকেট জুটিতে কিছুটা আশা জাগিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ইনফর্ম তাওহিদ হৃদয়। বেশ আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন হৃদয়। অর্ধশত রানের জুটিও গড়েছিলেন তারা। হাফসেঞ্চুরির আশা জাগিয়েছিলেন হৃদয়। তবে সেই আশাকে পূর্ণতা দিতে পারেননি। ৩৩ বলে ৪১ রান করে রাবাদার বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়।
এরপর বাকিরা শুধু যাওয়া-আসার মিছিল লম্বা করেছেন। লিটন ভালো শুরু পেলেও থেমেছেন ২৫ বলে ১৫ রান করে। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাওয়া শান্তও পারেননি আশার প্রতিদান দিতে। ১০১ বল খেলে ৩৪ রান করে ইনিংসের ৪৭তম ওভারে শান্ত ফিরলে, বাংলাদেশের সময়ও ঘনিয়ে আসে। ৩ ওভার পর শেষ ব্যাটার হিসেবে খালেদ আহমেদকে আউট করে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
এর আগে ১১৫ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৪৯৪ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। তখনই তারা লিড পেয়েছিল ৪০৩ রানের। কিন্তু দ্বিতীয় দিন ইনিংস ঘোষণা না করায়, ধারণা করা হচ্ছিল আজ হয়ত আরও কিছুটা সময় ব্যাটিং করবেন তারা। কিন্তু সেটি না করে দিনের শুরুতেই বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৩.৩ ওভারে ৯১/১০ (তামিম ৩, রবিন ২৩, মুমিনুল ১৮, শান্ত ৪, হৃদয় ১৯, লিটন ৮, জাকের ১, শরিফুল ২, তাসকিন ২, খালেদ ০, ইবাদত ০*; রাবাদা ৯-৪-২৩-৩, ইয়ানসেন ১০.৩-৪-১৭-৩, নরকিয়া ৬-৩-১০-২, মুল্ডার ৬-০-১৫-১, হারমার ২-০-১৭-১)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ১১৫ ওভারে ৪৯৪/৭ (ইনিংস ঘোষণা) (মার্করাম ২১, অ্যাকারম্যান ১৫০, হামজা ২৭, জর্জি ৬৬, ব্রিটজকে ২০, রিকেল্টন ২০, মুল্ডার ১০০, ইয়ানসেন ৬৭*, হারমার ০*; তাসকিন ১৮-২-৬১-১, শরিফুল ২১-৩-৯৫-২, খালেদ ২১-৪-৮৮-২, ইবাদত ১৯-৩-৮৯-১, শান্ত ১-০-২০-০, মুমিনুল ২৩-০-৯২-০, হৃদয় ১২-১,৪৫-১)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৪৯.৪ ওভারে ১৮৪/১০ (তামিম ২৯, মুমিনুল ০, রবিন ৩৮, হৃদয় ৪১, লিটন ১৫, জাকের ২, শান্ত ৩৪, শরিফুল ০, তাসকিন ১০, খালেদ ৫, ইবাদত ২*; রাবাদা ১১-৩-৩৭-১, ইয়ানসেন ১০.৪-১-৪৮-২, নরকিয়া ১০-২-৪২-০, মুল্ডার ১১-৩-৩১-৭, হারমার ৭-১-১৯-০)
ফলাফল : দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২১৯ রানে জয়ী
সিরিজ : দুই ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জয়ী
ম্যাচ সেরা : উইয়ান মুল্ডার
সিরিজ সেরা : মার্কুইস অ্যাকারম্যান






















