আরচ্যারি উন্নয়নে সৌদির পাশে থাকছে বাংলাদেশ
- আপডেট সময় : ১১:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে
মধ্য প্রাচ্যের ধনী রাষ্ট্র হচ্ছে সৌদি আরব। সেই দেশেই আরচারি উন্নয়নে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে চায় বাংলাদেশ। মরুভুমির দেশে সেই সহযোগিতা হতে যাচ্ছে পরিকল্পনা, কোচ,টেকনিক্যাল সাপোর্ট দিয়ে। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাত সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি হওয়ায় সৌদি আরবের আরচ্যারিকে শক্তিশালী করতে জোর দিয়েছেন। ইতো মধ্যে বাংলাদেশের একজন সাবেক আরজ্যার জিয়াউল হক সৌদি আরব আরচ্যারি দলের হেড কোচ হিসেবে কাজ করছেন। পূর্বের সুসম্পর্ককে আর দৃঢ় করতে চপলও অঙ্গিকারবদ্ধ।
এ নিয়ে দুই দেশের মধ্যে একটি মতবিনিময় সভাও অনুষ্টিত হয়। সৌদি আরবে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়া ও বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সৌদি আরব আরচ্যারি ফেডারেশনের সভাপতি তুর্কি আল-দারবি। সেখানে দুই দেশের আরচ্যারি খেলার মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় নিয়ে আলোচনা হয়েছে। সৌদি আরবে আরচ্যারির বর্তমান অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে দুই দেশের ক্রীড়া সংগঠক দ্ব্যর্থহীন কণ্ঠে স্বীকার করেন যে, এশীয় অঞ্চলে আরচ্যারি খেলাটিকে আরও বেশি জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তুলতে যৌথভাবে কাজ করা জরুরি। বিশেষ করে প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, কোচ ও জুডিসিয়ারি ডেভেলপমেন্ট এবং যৌথ ক্যাম্প আয়োজনের মাধ্যমে উভয় দেশের আরচ্যাররা উপকৃত হতে পারেন বলে তারা ঐকমত্য পোষণ করেন। খেলোয়াড় ও কোচদের অভিজ্ঞতা বিনিময়ের পথ সুগম করার মাধ্যমে দুই দেশের ক্রীড়া কূটনীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে দুই নেতা আশাবাদ ব্যক্ত করেন।
খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক সুযোগ-সুবিধা এবং উচ্চতর প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয় আলোচনায়। এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যেও আরচ্যারির প্রসারে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়া কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে সৌদি আরবের ফেডারেশন প্রধানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন চপল। বৈঠকে দুই দেশের আরচ্যারদের জন্য যৌথ ট্রেনিং ক্যাম্প এবং ফ্রেন্ডলি টুর্নামেন্ট আয়োজন করার সম্ভাব্যতা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।




















