হামজাদের এবার ফাইনালে ওঠার লড়াই
- আপডেট সময় : ১১:৩২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ৮৪ বার পড়া হয়েছে
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ৷ সেমিফাইনালের ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। চোটে পড়ে ডিফেন্ডার সাদ উদ্দিনের ছিটকে যাওয়া দলের রক্ষণকে কিছুটা ভাবনায় ফেলেছে। তবে স্বস্তির বিষয় হলো, গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে আত্মবিশ্বাসী লাল-সবুজের দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ৷
যদিও রাইট ব্যাক সাদ উদ্দিনের বিকল্প ডিফেন্ডারের ঘাটতি মিটানোর মতো যথেষ্ট রসদ রয়েছে কোচ টমাস ডুলির হাতে৷ বাংলাদেশ কোচের বিশ্বাস সাদের দায়িত্ব যার কাঁধে উঠবে, সে ভালোভাবেই টেনে নেবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এবিজি স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনে নামার আগে সাংবাদিকদের ডুলি বলেন, ‘অবশ্যই সাদের না থাকাটা আমাদের জন্য খুবই দুঃখজনক। সে মাঠে নামলে, এমনকি অনুশীলনেও নিজের শতভাগ দিয়ে থাকে। রক্ষণে ডান দিকে সে খুবই শক্তিশালী একজন ডিফেন্ডার। একই সঙ্গে আক্রমণাত্মক মানসিকতার, রক্ষণ সামলাতেও দক্ষ এবং বেশ কঠিন প্রতিপক্ষ। আগামীকাল তাকে আমরা মিস করব।’
এরপরেই আশাবাদী ডুলি যোগ করেন, ‘তবে তার জায়গায় অন্য একজনকে দিয়ে সেই ঘাটতি পূরণ করতে হবে। আমরা ভাবছি, কে তার জায়গায় খেলবে? তবে আমি নিশ্চিত, যে-ই সুযোগ পাক না কেন, সেও সাদের মতোই পারফর্ম করবে এবং দলকে সফল হতে সাহায্য করবে।’
এবারের আসরে গ্রুপ পর্বে দুই ম্যাচে পাঁচ গোল করে এবং কোনো গোল হজম না করে ‘ক্লিনশিট’ রেখে ‘এ’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে, ভারতের কাছে ৩-২ গোলে হেরে আসর শুরু করলেও মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে এসেছে পাকিস্তান।
দলের আক্রমণভাগের ফর্ম নিয়ে বেশ আশাবাদী কোচ ডুলি। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয় এবং তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ ও মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিমের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের আক্রমণভাগে এখন ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মতো যথেষ্ট খেলোয়াড় আছে। ফারহানের গতি ও ড্রিবলিং ক্ষমতা পাকিস্তানের লম্বা ও শক্তিশালী ডিফেন্ডারদের জন্য বড় বিপদের কারণ হতে পারে।’
দক্ষিণ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে পাকিস্তান আজও ফাইনালেই খেলতে পারেনি। বাংলাদেশ নিজেদের একমাত্র শিরোপা জিতেছিল ২০০৩ সালে। তাই ২৩ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনতে হলে পাকিস্তান বাধা পার হতে হবে বাংলাদেশকে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে শতভাগ সতর্ক থেকে মাঠে নামার তাগিদ দিয়েছেন কোচ ডুলি।
তার ভাষ্য, ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। আমাদের সতর্ক থাকতে হবে। আক্রমণভাগে এখন যাদেরই আমরা খেলাই, প্রত্যেকেই (প্রতিপক্ষের জন্য) বিপজ্জনক। প্রতিপক্ষকে শুধু আমাদের একজনকে নিয়ে ভাবলে চলবে না, সবাইকে নিয়েই তাদের সতর্ক থাকতে হবে।’



















