মুসলিম হলেন রবার্তো কার্লোস !
- আপডেট সময় : ০১:৫৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ৬০ বার পড়া হয়েছে
ব্রাজিল ও বিশ্ব ফুটবলের কিংবদন্তি তারকা রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—এমন একটি খবরকে কেন্দ্র করে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলারের ইসলাম গ্রহণের খবরটি ১৮ আগস্ট তুরস্কের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তুরস্কের Yeni Şafak এর তথ্য মতে, রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন। অন্যদিকে Sporx, Ensonhaber ও Takvim সংবাদমাধ্যমসমূহ বিষয়টিকে এখন পর্যন্ত একটি দাবি হিসেবে উল্লেখ করেছে।
প্রকাশিত প্রতিবেদনের সূত্র হিসেবে উঠে এসেছে ব্রাজিলের মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের নাম। তার বক্তব্য অনুসারে, রবার্তো কার্লোস সম্প্রতি ব্রাজিলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতের সময় কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। দাবি অনুযায়ী, ঘটনাটিপ্রায় চার সপ্তাহ আগে সংঘটিত হয়েছে।

বিষয়টি আরও আলোচনায় আসে ব্রাজিল সফররত তুরস্কের ক্ষমতাসীন দলের (AK Party) গাজিয়ানতেপের সংসদ সদস্য আলী শাহিনের এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের পর। শাহিন জানান, ব্রাজিলের সাও পাওলোতে শেখ জিহাদ হাম্মাদেহের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে এবং সেখানেই তিনি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের কথা জানতে পারেন।
তবে এই খবরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো স্পষ্ট নয়। রবার্তো কার্লোস নিজে কিংবা তাঁর কোনো আনুষ্ঠানিক প্রতিনিধি এখন পর্যন্ত প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেননি। তুরস্কের Sporx ও তাদের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে কার্লোসের নিজের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।




















