জামিন নিতে সিএমএম আদালতে পরীমনি
- আপডেট সময় : ১০:৩০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন বলে জানা গেছে।
এর আগে গতকাল বুধবার (৪ নভেম্বর) মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে অসুস্থতার কারণে পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময়ের আবেদন করে জানান, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে পরীমনি হাজির হতে পারেননি। তবে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান সেই আবেদন নামঞ্জুর করে পরীমনির জামিন বাতিল করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল ওই আবেদনের বিরোধিতা করেন। তিনি অভিযোগ করেন, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে বারবার সময়ের আবেদন করছেন। পরে আদালত সময়ের আবেদন নাকচ করে তার জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বুধবার জানিয়েছিলেন, বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তার মক্কেল। জামিন পাওয়ার ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, সেদিন ঢাকার বোট ক্লাবে গিয়ে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি তাকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি আহত হন বলে দাবি করেন নাসির।
মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২৩ সালের ১৮ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। ২০২৫ সালের ২৬ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এর মধ্য দিয়ে বোট ক্লাবকাণ্ডে করা পাল্টাপাল্টি মামলায় পরীমনি ও ব্যবসায়ী নাসির উদ্দিন দুজনই বিচারপ্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।




















