গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা
- আপডেট সময় : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৪৮ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশানে বন্ড সুবিধার আওতায় আমদানিকৃত শুল্কমুক্ত (ডিউটি-ফ্রি) মদ অননুমোদিত গোপন গুদামে মজুত রাখার অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের দুটি বৈধসহ মোট চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাজধানীর দক্ষিণ গুলশানের বন্ডেড ওয়্যারহাউস ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির অনুমোদিত ও ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা ছিল মাত্র দুইটি। তবে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, তারা অনুমোদিত সীমার বাইরে গিয়ে মোট চারটি ওয়্যারহাউসে বিপুল পরিমাণ পণ্য মজুত করে রেখেছিল। মূলত অনুমোদিত পরিসরের বাইরে গিয়ে অতিরিক্ত আরও দুটি অননুমোদিত গোপন গুদামে আইনবহির্ভূতভাবে এই শুল্কমুক্ত পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।
সিআইআইডি ও অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ড সুবিধায় আমদানিকৃত এসব শুল্কমুক্ত পণ্য যেন অননুমোদিত স্থান থেকে সরিয়ে নেওয়া বা অপসারণ করা না যায় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা সম্ভব হয়—সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে, বিধি বহির্ভূতভাবে মদ মজুতের এই বিষয়টি নিয়ে বর্তমানে নিবিড় তদন্ত ও যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষ হলে এ সংক্রান্ত পরবর্তী আইনগত অগ্রগতি ও বিস্তারিত তথ্যপ্রমাণ সাপেক্ষে গণমাধ্যমে প্রকাশ করা হবে












