সংবিধান সংশোধনী কমিটি গঠন ইস্যুতে ওয়াকআউট করলো বিরোধী দল
- আপডেট সময় : ০১:২৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যাবলি শুরু হয়। এর পরপরই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে কথা বলার অনুমতি চান।
পরে ডেপুটি স্পিকার অনুমতি দিলে বিরোধীদলীয় নেতা সংবিধান সংশোধন কমিটি গঠন ইস্যু ছাড়াও জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুসহ বেশকিছু বিলের বিষয়ে আপত্তি তুলে ওয়াকআউটের ঘোষণা দেন। একপর্যায়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা একে একে আসন ত্যাগ করেন।
পরবতীতে সংসদ অধিবেশন থেকে বেরিয়ে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ এবং প্রতিকার বিলসহ ৩টি বিল আজকে উত্থাপনের জন্য আনা হয়েছিল। বিরোধীদলীয় নেতা বিরোধীদলের পক্ষ থেকে সেখানে বক্তব্য রেখে বলেছেন, আমরা গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়নসহ সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের সময় করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিচ্ছিন্নভাবে আনার পক্ষে নই। বরং, সেগুলো একসঙ্গে বাস্তবায়ন চাই।
এর আগেও এসব বিষয়ে বিরোধীদলকে কথা বলার সুযোগ দেয়া হয়নি অভিযোগ করে তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে সংসদীয় একটি স্বেচ্ছাচারিতা, সংসদীয় একটি স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি। যেখানে স্পিকার এবং সরকারি দল এককভাবে পুরো সংসদ পরিচালনা করছে। এর প্রতিবাদস্বরূপ আমরা ওয়াকআউট করেছি। সেই সঙ্গে আমরা অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছি এবং এর মাধ্যমে সংস্কারের যেসব দাবিগুলো ছিল সেগুলোর পাশাপাশি গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ অধ্যাদেশ যেগুলো বাতিল করা হয়েছে, সেগুলো আইনে পরিণত করতে হবে।



















