সকালেই শুরু ম্যাকাই টেস্ট, টাইগারদের সামনে ইতিহাসের হাতছানি
- আপডেট সময় : ১২:৩২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
ডারউইন টেস্ট জয়ের পর ফুরফুরে মেজাজেই থাকার কথা টাইগারদের৷ আজ ম্যাকাই টেস্ট শুরুর আগে শতভাগ ইতিবাচক মানসিকতা নিয়ে যে মাঠে নামছেন অতিথিরা, তাতে সন্দেহ নেই৷ দ্বিতীয় এই টেস্ট জিতলে গড়া হবে আরেকটি নতুন ইতিহাস৷ বসানো হবে ১৩৯ বছরের পুরানো রেকর্ডে৷ কারন এতোটি বছর অস্ট্রেলিয়ানরা ঘরের মাঠে সিরিজে হোয়াইট ওয়াশ হয়নি৷ প্রশ্ন হচ্ছে ডারউইনের প্রতিফলনটা এখানেও বজায় রাখতে পারবেন কি শান্ত বাহিনী? অনেক যদির উপর দাঁড়িয়ে আছে এর উত্তর৷
তবে সেটি মোটেও সহজ কাজ হবে না টাইগারদের জন্য। অধিনায়ক শান্ত নিজেও মনে করছেন। তাই জয়ের আত্মতুষ্টিতে না ভুগে নতুন করে শুরু করার তাগিদ তার। শান্ত বলেন, ‘জয় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু পেশাদার খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সেখান থেকে ফেরত আসাটা গুরুত্বপূর্ণ।’
ডারউইনের মতো ম্যাকাইয়েও পাঁচদিনই ভালো খেলতে চান শান্ত। তিনি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। টেস্টের পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলতে চাই। একেকটা দিন, একেকটা সেশন আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, প্রক্রিয়াটা ঠিকঠাক অনুসরণ করলে ফল এমনি এমনিই আসবে। তাই ফলাফলের দিকে না তাকিয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’
পরিসংখ্যানে অবশ্য আধিপত্য অসিদেররই। এখন পর্যন্ত মোট সাতটি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া। যেখানে অস্ট্রেলিয়ার জয় ৫টি ম্যাচে। বিপরীতে, বাংলাদেশ জিতেছে দুইটি ম্যাচ।
তবে পরিসংখ্যানই যে সব নয়, বাংলাদেশ সেটি প্রমাণ করেছে প্রথম ম্যাচে। অসিদের চোখে চোখ রেখে লড়াই করেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও সেটিই করে দেখাতে চাইবে লাল-সবুজের প্রতিনিধিরা৷
……..
এই ম্যাচে দারুণ মাইলফলক স্পর্শ করার হাতছানি রয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটার- হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও মুশফিকুর রহিম।
টেস্ট ক্রিকেটে ৫০ উইকেট পূর্ণ করার খুব কাছাকাছি অবস্থান করছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। মেকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় সিরিজ নির্ধারণী এই ম্যাচে সমান ৫টি করে উইকেট শিকার করতে পারলেই ক্যারিয়ারের অর্ধশত উইকেট পূর্ণ করবেন এই দুই ডানহাতি পেসার। এখন পর্যন্ত কেবল বাংলাদেশের ৭ বোলার এই কীর্তি গড়তে পেরেছেন।
বর্তমানে হাসান ১৫ এবং ইবাদত ২৫ টেস্ট খেলে সমান ৪৫টি করে উইকেট শিকার করেছেন। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হয়েছিলেন হাসান। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৩ উইকেট নেন তিনি। অন্যদিকে, প্রথম ইনিংসে ২ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য ছিলেন ইবাদত।
এদিকে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মেকাই টেস্টে ১৫৮ রান করলেই এই অনন্য কীর্তি গড়বেন তিনি। ডারউইনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৬ রান করেছিলেন মুশফিক। বাংলাদেশ ৯ উইকেটে জয় পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা হয়নি তার।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে লাল বলের ক্রিকেটে মিডল অর্ডারের মূল ভরসা হয়ে আছেন ৩৯ বছর বয়সী মুশফিক। দেশের হয়ে ইতিমধ্যে ১০৪ টেস্টের ১৯১ ইনিংসে ৩৯.০৯ গড়ে ৬৮৪২ রান করেছেন তিনি। বর্ণাঢ্য এই টেস্ট ক্যারিয়ারে ৩টি ডাবল-সেঞ্চুরি, ১৪ সেঞ্চুরি ও ২৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার।





















