মির্জা ফখরুলকে বরণ করার অপেক্ষায় বঙ্গভবন
- আপডেট সময় : ১২:১৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ৯২ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার ২০ আগস্ট দেশের রাষ্ট্রপতি নির্বাচন৷ জনমনে এ নিয়ে তেমন রাখঢাক নাই৷ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিপক্ষ জামায়াত ও এনসিপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কর্নেল অব. অলি আহমেদ৷ ৩৪৯ জন সংসদ সদস্যের সরাসরি ভোটে নির্বাচিত হবেন৷ সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া শতভাগ নিশ্চিত হয়ে যায়৷ এখন কেবলই আনুষ্ঠানিকতা মাত্র৷ বঙ্গভবন নতুন করে সাজে সজ্জিত হয়ে অপেক্ষমান মহামান্যকে বরণ করার৷
শুক্রবার নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরের দিন শপথ নিবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি৷
তার আগে সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কয়েকবার কান্নায় ভেঙে পড়েন তিনি।
আজ বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় মির্জা ফখরুল এ আহ্বান জানান। দুপুর ২টায় শুরু হওয়া প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সভায় বিএনপির সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে মির্জা ফখরুল দলের প্রতি তাদের অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বছরের পর বছর তার ওপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় বিএনপি প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান।
সভায় উপস্থিত কয়েকজন সংসদ সদস্য জানান, বিএনপির সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করে তিনি বলেন, তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ দায়িত্ব পালনকালে কোনো ভুল করে থাকলে বা অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন। তিনি অঙ্গীকার করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনও আপস করবেন না। রাষ্ট্রপতি নির্বাচিত হলে জাতীয় সংসদ মিস করবেন উল্লেখ করে তিনি সহকর্মীদের কাছে দোয়া ও ভোট চান।
সভায় প্রধান হুইপ মো. নুরুল ইসলাম মনি অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং ভোটদানের পদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করার পাশাপাশি ফখরুলের পক্ষে ভোট প্রার্থনা করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন এবং তিনি নিজেই বিএনপির সকল সংসদ সদস্যকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ অন্যান্য সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

















