ট্রাম্পের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলাইন লিভিট
- আপডেট সময় : ০৭:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে
চলতি মাসের শেষে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলাইন লিভিট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।
স্থানীয় সময় বুধবার (১২ আগস্ট) দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ২০১৮ সাল থেকে ন্যায়বিচার ও স্বাধীনতার লড়াইয়ে হোয়াইট হাউসে ক্যারোলাইন অসাধারণ ভূমিকা পালন করেছেন। পদত্যাগ করলেও লিভিট ট্রাম্পের শীর্ষ বহিরাগত উপদেষ্টা ও রিপাবলিকান পার্টির অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে পোস্টে উল্লেখ করা হয়।
২৭ বছর বয়সী লিভিট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গঠিত প্রশাসনিক দায়িত্ব ছাড়া শীর্ষ কর্মকর্তা। চলতি বছরের মে মাসে লিভিট ও তার স্বামী নিকোলাস রিকিওর ঘর আলো করে আসে এক কন্যাসন্তান। মাতৃত্বকালীন ছুটি শেষেই এই পদ ছাড়ার ঘোষণা দিলেন তিনি। ২০২৫ সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার সময় সবচেয়ে কম বয়সে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েছিলেন লিভিট।
ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই লিভিট তার অভ্যন্তরীণ বৃত্তের বিশ্বস্ত মুখ ছিলেন। প্রাথমিকভাবে শিক্ষানবিশ হিসেবে হোয়াইট হাউসে যোগ দিয়ে পরবর্তীতে প্রেস সেক্রেটারি পদে উন্নীত হন। প্রেসিডেন্ট হিসেবে ২০২৪ সালের নির্বাচনি প্রচারেও ট্রাম্পের প্রধান মুখপাত্রের ভূমিকা পালন করেছিলেন লিভিট।চ
হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে কড়া মেজাজ ও সাংবাদিকদের প্রশ্নের তীব্র জবাবের জন্য লিভিট বহুল আলোচিত ছিলেন। তার মেয়াদে মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটরদেরও হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়।
সামনে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জয়ের লক্ষ্য অর্জনে লিভিট তার দল ও প্রশাসনকে বাইরে থেকে সহযোগিতা দিয়ে যাবেন বলে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেছেন৷



















