পুনঃনিরীক্ষণের আবেদন করলে সম্পূর্ণ খাতা দেখা হবে : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৪:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা করেছেন যে, এখন থেকে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা শুধু নম্বর যোগ-বিয়োগ নয়, সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা বা মূল্যায়ন করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি বা অসংগতি পাওয়া গেলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের রেজাল্ট ঘোষণার কথা ছিল গত মাসের (জুলাই) ২০ তারিখ। কিন্তু বন্যা ও বিভিন্ন কারণে ফলাফল কিছুটা বিলম্বিত হয়েছে। এর জন্য আমরা দুঃখিত। আগামী বছরের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় ভালো করার কথা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এটি পরিবর্তন করেছি। যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ। এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।






















